মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ (UPA) সরকারের আমলে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলমান তদন্ত দলেরই কিছু নেতা আটকে দিয়েছিলেন বলে বিস্ফোরক দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী এম. বীরাপ্পা মইলি। বেঙ্গালুরুতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
মইলি জানান, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি যখন কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন, তখন সোহরাবুদ্দিন শেখ ভুয়ো এনকাউন্টার মামলার তদন্ত চলছিল। সেই সময়কার ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি তখন আইনমন্ত্রী ছিলাম। অমিত শাহ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। আদালত তাঁকে গুজরাট থেকে বহিষ্কার করেছিল এবং অন্য রাজ্যে তাঁর মামলার বিচার চলছিল। তিনিই প্রথম প্রভাবশালী নেতা যিনি জেলে গিয়েছিলেন। এরপর নরেন্দ্র মোদীর জেলে যাওয়ার এবং রাজ্য থেকে বহিষ্কৃত হওয়ার কথা ছিল।”
তবে দলের ভেতরের কিছু নেতার হস্তক্ষেপে সেই তদন্ত থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মইলি। তিনি স্পষ্ট করে জানান যে, এই সিদ্ধান্ত তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নেননি, বরং দলের অন্য কিছু নেতা এর পেছনে ছিলেন। আক্ষেপের সুরে তিনি বলেন, “এগুলো ছিল দলের ভেতরের ট্র্যাজেডি। আমাদের নিজেদের সরকারই মোদীর বিরুদ্ধে তদন্ত ও অনুসন্ধান আটকে দিয়েছিল। এর জন্য আজ আমাদের ভুগতে হচ্ছে।”
তদন্তের পাশাপাশি দলের সাংগঠনিক দুর্বলতার কথাও তুলে ধরেন কর্ণাটকের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি থাকাকালীন দলে “বৈপ্লবিক পরিবর্তন” আনার উদ্যোগ নিয়েছিলেন এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি রূপরেখা তৈরির জন্য মইলির নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন। সোনিয়া গান্ধী সেই সুপারিশগুলো বাস্তবায়নে আগ্রহী থাকলেও দলেরই একাংশের বিরোধিতায় তা ভেস্তে যায়।
নাম প্রকাশ না করে মইলি বলেন, “আমাদের কিছু নেতা স্থিতাবস্থার বাইরে এক পা-ও এগোতে চান না। তাঁরা বলেছিলেন যে প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়ন করা কঠিন। ফলে পুরো প্রক্রিয়াটিই শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। সেই পরিবর্তনগুলো কার্যকর করা হলে আজ মোদীর ক্ষমতায় আসার কোনো প্রশ্নই উঠত না।”
দলের বর্তমান নেতৃত্বকে উদ্দেশ্য করে মইলি বার্তা দেন যে, কংগ্রেসের উচিত দ্বিধা ঝেড়ে ফেলে সাহসের সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। তাঁর মতে, সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত থাকার অর্থ হলো প্রতিপক্ষকে নিজেকে শেষ করে দেওয়ার সুযোগ করে দেওয়া।







