Uncategorizedখেলাধুলা

বিশ্ব চ্যাম্পিয়নের ঘরে গিয়ে ঘুঁটি সাজিয়ে চমক, কার্লসেনকে হারিয়ে ইতিহাস গড়লেন গুকেশ

বিশ্বের এক নম্বর দাবাড়ু, দাবা ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে জয় — এটা কল্পনায় আনা যতটা কঠিন, বাস্তবে করা তার থেকেও কঠিন। কিন্তু সেই কঠিন কাজটাই করে দেখালেন ভারতের নতুন দাবা সেনাপতি ডি গুকেশ। নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে ক্লাসিক্যাল দাবায় চিরপ্রতিদ্বন্দ্বী কার্লসেনকে হারিয়ে দিলেন তিনি, তাও তাঁর ঘরের মাঠে।

সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করলেও, খেলার প্রথমাংশে গুকেশ ছিলেন সম্পূর্ণ রক্ষণাত্মক। বারবার আক্রমণে ঝাঁপিয়ে পড়েন কার্লসেন। গুকেশ জানান, একটা সময় মনে হয়েছিল খেলা ছেড়ে দেবেন। কিন্তু মনের জোর ও ধৈর্য্য ছিল তাঁর প্রধান অস্ত্র। ধীরে ধীরে রুখে দাঁড়ান তিনি।

৪০তম চাল পর্যন্ত প্রায় নিয়ন্ত্রণে ছিলেন কার্লসেন। কিন্তু ৪৪তম চালেই ঘটে যায় ঘুরে দাঁড়ানোর ইতিহাস। একটি ভুল চালেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নরওয়ের তারকার কৌশল। এন্ডগেমে গুকেশ এমনভাবে চেপে ধরেন যে, সময়ের চাপেও ভেঙে পড়েন কার্লসেন। ম্যাচ শেষে রাগে টেবিলে ঘুষি মারেন তিনি। পরে গুকেশের কাছে ক্ষমাও চান।

সুজ়ান পোলগার একে কার্লসেনের কেরিয়ারের সবচেয়ে খারাপ হার বলেই ব্যাখ্যা করেছেন। আর ভারতের দাবা ইতিহাসে এটি নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা। গুকেশ যেন জানান দিলেন, ভারতীয় দাবা শুধু অতীত গৌরবেই বাঁচে না— ভবিষ্যৎও তৈরি হচ্ছে দৃঢ় হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.