এক ইনিংসেই বদলে দিতে পারেন ম্যাচের মোড়। পা ব্যথা নিয়ে লড়াই করে রচনা করেছিলেন ইতিহাস। সেই গ্লেন ম্যাক্সওয়েলই অবশেষে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটকে জানালেন বিদায়। সোমবার তাঁর ১৩ বছরের দীর্ঘ ও বর্ণময় কেরিয়ারের ইতি টানলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এক দিনের ক্রিকেটে জাতীয় দলের হয়ে পথচলা শুরু করেছিলেন ২০১২ সালে, আর শেষটা হল ২০২৫-এ।
ম্যাক্সওয়েলের বিদায় অস্ট্রেলিয়ান ক্রিকেটের কাছে এক যুগের অবসান। ২০১৫ এবং ২০২৩—দুই বিশ্বকাপজয়ী দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বিশেষ করে ২০২৩ সালের ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে তাঁর ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীদের মনে গাঁথা। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে কার্যত একাই দলকে তুলে এনেছিলেন পরাজয়ের মুখ থেকে। শেষ ম্যাচে ভারতকে হারিয়ে ট্রফি জেতার পথে ম্যাক্সওয়েলের ব্যাট থেকেই এসেছিল জয়সূচক রান।
চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল। জানিয়ে দেন, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা সম্ভব নয়। ২০২২ সালে দুর্ঘটনায় পা ভাঙার পর থেকে বারবার সমস্যা হচ্ছিল। ব্যথা নিয়েই খেলেছেন, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আর নিজেকে দেখছেন না তিনি।
আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেললেও চোট ও অফফর্মের কারণে পুরো মরসুম খেলতে পারেননি। সেই হতাশাই হয়তো অবসর ঘোষণার পেছনে প্রভাব ফেলেছে। তবে ভক্তদের মনে রয়ে যাবে তাঁর সেই লড়াকু মেজাজ, স্টাইলিশ ব্যাটিং ও অবিশ্বাস্য ফিনিশিং।







