অসুস্থ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। হাসপাতালে ভর্তি বর্ষীয়ান তৃণমূল নেতা । সোমবারই কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছে মদন মিত্রকে । মদনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর । ইউরিন সংক্রমণ সংক্রান্ত উপসর্গ দেখা দিয়েছে বলে খবর । সেই কারণে তড়িঘড়ি ১১ তারিখ অর্থাৎ সোমবারই হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে ।
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে স্থিতিশীল রয়েছে মদন মিত্রের শারীরিক অবস্থা । তবে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। নতুন করে শারীরিক অবস্থায় কোনো অবনতি না হলে বুধেই 1মদনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত কিছুদিন বিশ্রামেই থাকতে হবে মদন মিত্রকে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৫ বছরের তৃণমূল সরকারের বড় ধাক্কা লেগেছে। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাত্র ৮০ জন প্রার্থী জয়ের মুখ দেখেছেন। তাঁদের মধ্যেই অন্যতম মদন মিত্র। কামারহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। এমন কঠিন রাজনৈতিক পরিস্থিতির মাঝেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মদন। সাধারণত সবসময়ই তাঁকে হাসিখুশি ও রঙিন মেজাজে দেখা যায়। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে কামারহাটির বাসিন্দা ও তাঁর সমর্থকদের মধ্যে।







