কলকাতার সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে যুবক ও তাঁর পরিবারের সদস্যদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে ছড়াল ব্যাপক উত্তেজনা। অভিযোগ, গত ২৫ অক্টোবর এক যুবক ও যুবতীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে যুবতীর বাবা ও মামা যুবক এবং তাঁর এক বন্ধুকে ঘরে আটকে বেধড়ক মারধর করেন।
অভিযোগ আরও গুরুতর। পরে যুবকের বাবাকে ডেকে পাঠানো হয়। এরপর যুবক, তাঁর বন্ধু এবং বাবাকে নগ্ন করে এলাকায় ঘোরানো হয় বলে দাবি। এমনকী, বন্দুক দেখিয়ে যুবকের বাবাকে ছেলেকে গুলি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার কথা জানাজানি হতেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা যুবতীর বাড়িতে চড়াও হন। বাড়িতে ভাঙচুরের চেষ্টাও হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত জনতা যুবতীর মামাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে যুবতীর বাবা-মাকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অভিযুক্ত পরিবারের সঙ্গে তৃণমূলের এক কাউন্সিলরের ঘনিষ্ঠতা ছিল। তবে এই দাবির স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে এলাকায়।
প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এমন অমানবিক আচরণের অভিযোগে প্রশ্ন উঠছে—ব্যক্তিগত আপত্তির জেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি কারও আছে?







