বিনোদন

সইফ-অমিতাভ-অভিষেকদের নিরাপত্তা বাড়ানোর দাবি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি সিনে কর্মীদের সংগঠনের

বলিউডে ফের বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। একের পর এক তারকাকে হুমকি দেওয়ার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিনোদন জগতে। এই পরিস্থিতিতে সইফ আলি খান, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন-সহ একাধিক তারকা এবং তাঁদের পরিবারের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানাল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এই মর্মে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠির একটি প্রতিলিপি পাঠানো হয়েছে মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছেও।

সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের সই করা চিঠিতে সাম্প্রতিক সময়ে তারকাদের একের পর এক হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সইফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। একটি ভয়েস মেসেজে তাঁকে এনসিপি নেতা বাবা সিদ্দীকীর মতো পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। পাশাপাশি, গত অক্টোবর মাসে জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাটিও চিঠিতে তুলে ধরা হয়েছে।

এআইসিডব্লিউএ-র দাবি, গত কয়েক সপ্তাহে একাধিক বলিউড তারকাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। এমনকী, দুষ্কৃতীরা নিজেদের কাছে ২০০ জন শুটার রয়েছে বলেও দাবি করেছে বলে অভিযোগ। সংগঠনের মতে, এই ধরনের ঘটনা শুধু অভিনেতাদের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলছে না, গোটা বিনোদন শিল্পের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শুটিংয়ের কাজ বন্ধ হয়ে যেতে পারে। তার জেরে আর্থিক সংকটে পড়তে পারেন বহু টেকনিশিয়ান ও সেটকর্মী। পাশাপাশি বড় অঙ্কের লোকসানের আশঙ্কা রয়েছে প্রযোজকদেরও। দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বলিউডের গুরুত্বের কথা তুলে ধরে শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে তারা।

এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেছে সংগঠনটি। সইফ আলি খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং তাঁদের পরিবারের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মুম্বইয়ের সমস্ত অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রতিটি শুটিং স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে মুম্বইকে অপরাধমুক্ত করতে হবে। পাশাপাশি সাংবাদিক বৈঠক এবং বিভিন্ন জনসমাগমের জায়গায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবিও জানানো হয়েছে।

এআইসিডব্লিউএ-র মতে, সাম্প্রতিক ঘটনাগুলি নব্বইয়ের দশকের অস্থির পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে। সেই সময় বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল। অতীতের সেই পরিস্থিতি যাতে আর ফিরে না আসে, তার জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছে সংগঠনটি। মুম্বইয়ের রাস্তাঘাট থেকে শুরু করে শুটিংয়ের কর্মক্ষেত্র—সর্বত্র প্রত্যেকে যাতে ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করার দাবি তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.