বিয়ের কয়েক বছরের মধ্যেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছিল বলে অভিযোগ। সেই সম্পর্কের জেরেই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিলেন স্ত্রী! উত্তরপ্রদেশের লখনউয়ের এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ২৫ বছর বয়সি জ্যোতি কাশ্যপ। তবে মূল অভিযুক্ত প্রেমিক মনোজের এখনও কোনও সন্ধান পায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর রাতে খুন হন দীপক কাশ্যপ। পরদিন জানকীপুরমের ওরো সিটি এলাকার কাছে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর পিছনে খুনের ইঙ্গিত মেলার পর তদন্তে নামে পুলিশ। মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।
তদন্তে উঠে আসে, ২০২৩ সালে দীপকের সঙ্গে বিয়ে হয়েছিল জ্যোতির। স্বামী ও জ্যোতি দু’জনেই একটি বেসরকারি স্কুলে কাজ করতেন। সেখানেই দীপকের বন্ধু মনোজের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে পুলিশের দাবি।
অভিযোগ, ঘটনার রাতে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে স্বামীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন জ্যোতি। পথে তাঁদের সঙ্গে যোগ দেন মনোজ। এরপর ওরো সিটির কাছে বাইক থামিয়ে দীপকের উপর হামলা চালানো হয়। ইট দিয়ে আঘাত এবং শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের।
সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের সূত্র ধরে জ্যোতির ভূমিকা সামনে আসে। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, পলাতক মনোজের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার নেপথ্যে ঠিক কী পরিকল্পনা ছিল, তা জানতে ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।







