নিজস্ব সংবাদদাতা: বছর ঘুরতেই লোকসভা নির্বাচন। এবার মুসলিমদের মন পেতে নয়া পরিকল্পনায় নরেন্দ্র মোদী সরকার। রাখিবন্ধনের দিন দলীয় কর্মীদের মুসলিম মহিলাদের কাছে পৌঁছনোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিন তালাক নিষিদ্ধ করে কেন্দ্র মুসলিম মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি করেছে বলেও দলীয় সাংসদদের একাংশের সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের বিজেপি ও এনডিএ জোটের সাংসদদের প্রধানমন্ত্রীর নির্দেশ, নির্বাচনের পূর্বে আগে কেন্দ্রীয় সরকারের যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে সমাজের প্রতিটি স্তরে জানাতে হবে, এমনটাই সূত্রের খবর।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সমাজের প্রতিটি বিভাগের সাথে দলের কর্মীদের সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তার পরবর্তীতেই মুসলিম মহিলাদের বৈবাহিক নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে তাঁর সরকারের তিন তালাক নিষিদ্ধ করার প্রসঙ্গও তুলে ধরেন। সেই সঙ্গে মুসলিম মহিলাদের জন্য তাঁর সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপগুলোও প্রকাশ্যে আনেন তিনি।







