নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে কার্যত তোলপাড় গোটা বাংলা। যাদবপুরকান্ডের প্রথমদিকে শাসক দলের উদাসীন মনোভাবের জন্য সবাই যখন প্রশ্ন তোলেন,ঠিক এমন সময় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্য সরকারের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বয়ং। তিনি নদিয়া জেলার বগুলায় মৃতের মায়ের সঙ্গে দেখা করেন। এবং কথা দেন যে ওই মৃত্যুর ঘটনার পুলিশি তদন্ত চলছে। ‘‘মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। ছেলের মৃত্যুর বিচার তাঁরা পাবেনই।’’
আজ, বুধবার দিন দুপুরেই বগুলায় মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্যের চার মন্ত্রী এবং এক সাংসদ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং যুব তৃণমূলের ররথর সায়নী ঘোষ। তাঁরা কথা বলেন মৃত ছাত্রের পরিবারের সঙ্গে। মৃতের মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সায়নী। মৃতের মা কাঁদতে কাদতে বলেন, ‘‘যাদবপুরে পড়তে চাইত ছেলে। বলত, ওখানে ভর্তি করাবে তো মা?’’ ঠিক এর পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘বিষয়টি নিজে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের কেউ ছাড় পাবে না।’’ সেই সঙ্গে ওই বাড়ির ছোট ছেলের পড়াশোনার বিষয়টি তাঁরা দেখবেন বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য গত বুধবার দিন গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় বাংলা অনার্সের প্রথম বর্ষের এক ছাত্রকে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ‘অস্বাভাবিক মৃত্যু’তে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এই ঘটনায় মোট ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিন অফ স্টুডেন্টকে লালবাজার থেকে ডেকে পাঠানো হয়েছে।







