রাজ্য

অন্নপূর্ণার টাকা পেলেও ভবিষ্যতে বন্ধ হতে পারে! যোগ্য-অযোগ্য নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এবার আরও কড়া বার্তা দিল রাজ্য সরকার। অগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন। তবে তাঁদের মধ্যে কেউ যদি সরকারি নিয়ম অনুযায়ী এই সুবিধা পাওয়ার যোগ্য না হন, তাহলে ভবিষ্যতে তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হবে। এমনকি অনুপযুক্ত কেউ টাকা পেয়ে থাকলে তা সরকারকে জানাতেও বলা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কোনও ব্যক্তি আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল হওয়া সত্ত্বেও যদি ভুলভাবে এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে তাঁকে টাকা ফেরত দেওয়ার জন্য বলা হবে। পাশাপাশি সরকারি কর্মচারী বা অন্য কোনও অনুপযুক্ত ব্যক্তি এই সুবিধা পেয়ে থাকলে সেই তথ্য পোর্টালের মাধ্যমে জানানোর আবেদনও করেন তিনি।

যোগ্য হয়েও টাকা না পেলে কী করবেন?

সরকারি তথ্য অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীদের মধ্যে অগস্টে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। এর আগে জুনে ২৮ লক্ষ এবং পরের মাসে প্রায় ১ কোটি ১৯ লক্ষ মহিলা এই সুবিধা পেয়েছিলেন। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণে বহু আবেদনকারী টাকা পাননি বলেও জানানো হয়েছে।

তবে এবারও কোনও যোগ্য মহিলা টাকা না পেলে তাঁকে নতুন করে আবেদন করতে হবে না। ফর্ম নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে সরকারি পোর্টালে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেন এত যাচাই-বাছাই?

অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিয়ে বিরোধীদের প্রশ্নেরও জবাব দেন শুভেন্দু। তাঁর দাবি, সরকারি অর্থ যাতে ভুল ব্যক্তির হাতে না যায়, তা নিশ্চিত করতেই আবেদন যাচাইয়ের প্রক্রিয়া চালানো হচ্ছে। আগের ব্যবস্থায় মৃত ব্যক্তি, পুরুষ এবং অনুপযুক্ত ব্যক্তিদের নামেও টাকা যাওয়ার অভিযোগ ছিল বলে দাবি করেন তিনি।

বছরে ৪৮ হাজার কোটি টাকার প্রয়োজন

অন্নপূর্ণা যোজনার জন্য বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও ভবিষ্যতে এই প্রকল্প চালাতে বছরে প্রায় ৪৮ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার এই প্রতিশ্রুতি সরকার আগামী দিনেও বজায় রাখবে।

দক্ষিণ কলকাতায় ইতিমধ্যেই প্রায় ৫৩ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা বাহিনী’ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.