হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ফের নতুন সুবিধা নিয়ে হাজির হচ্ছে মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এবার কোনও নির্দিষ্ট চ্যাট খুলে না গিয়েই বোঝা যাবে সেখানে কী ধরনের ছবি, ভিডিয়ো কিংবা স্টিকার পাঠানো হয়েছে। অ্যান্ড্রয়েডের নির্বাচিত বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন ‘মিডিয়া প্রিভিউ’ সুবিধা।
এতদিন হোয়াটসঅ্যাপের চ্যাট তালিকায় কোনও কথোপকথনের সর্বশেষ বার্তা যদি ছবি বা ভিডিয়ো হত, তাহলে সেখানে মূলত ‘ফটো’, ‘ভিডিয়ো’ কিংবা ‘স্টিকার’ লেখা দেখা যেত। নতুন ব্যবস্থায় সেই লেখার পাশেই দেখা যাবে সংশ্লিষ্ট মিডিয়ার ছোট আকারের থাম্বনেল।
অর্থাৎ, একাধিক চ্যাটে একসঙ্গে ছবি বা ভিডিয়ো এলে কোন চ্যাটে কী পাঠানো হয়েছে, তা জানতে আর প্রতিটি কথোপকথন খুলতে হবে না। চ্যাট তালিকাতেই ছোট প্রিভিউ দেখে প্রয়োজনীয় কথোপকথনটি দ্রুত শনাক্ত করা যাবে। স্টিকারের ক্ষেত্রেও একইভাবে ভিজ্যুয়াল প্রিভিউ দেখানোর ব্যবস্থা থাকছে।
জানা গিয়েছে, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা 2.26.32.11 সংস্করণের কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই এই সুবিধা পাচ্ছেন। তবে এখনও সবার জন্য ফিচারটি চালু হয়নি। ধাপে ধাপে আরও বিটা ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়া হচ্ছে।
হোয়াটসঅ্যাপের তরফে এখনও জানানো হয়নি, কবে এই সুবিধা স্থায়ীভাবে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু হবে। ফলে আপনার ফোনে এখনও এই নতুন মিডিয়া প্রিভিউ দেখা না গেলে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।







