পার্কিং নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতেই রক্তাক্ত তথ্যপ্রযুক্তি সংস্থা ‘টেক মাহিন্দ্রা’-র প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পরমজিৎ ধনখড়। গত ৫ই নভেম্বর ধনতেরাসের সন্ধ্যায় ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। সম্প্রতি ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ফুটেজে ধরা পড়ে , একই আবাসনের বাসিন্দা মনু শর্মা পার্কিং নিয়ে আলোচনার অজুহাতে পরমজিৎকে নিচে ডেকে আনেন। পরমজিৎ হাত জোড় করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কোনো কথা না শুনেই পকেট থেকে লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে গুলি চালাতে শুরু করেন মনু।
গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় পরমজিৎ আবাসনের মূল গেটের কাছে পৌঁছে মনুকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। কিন্তু মাটিতে পড়ে থাকা অবস্থাতেই পরমজিৎকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি চালান অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, মোট ১৫-১৬ রাউন্ড গুলি চালানো হয়েছিল, যার মধ্যে ৮-৯টি গুলি পরমজিতের শরীরে লাগে। নৃশংসভাবে খুন করার পর গালিগালাজ করে “হ্যাপি দিওয়ালি” বলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় মনু।
ভাগনের বিয়েতে যোগ দিতে সম্প্রতি সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেছিলেন পরমজিৎ। পুরনো আক্রোশ ও পার্কিং বিবাদ থেকেই এই খুন বলে অনুমান পুলিশের। ঘটনার পর সপরিবারে পালিয়ে গেলেও ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই অভিযুক্ত মনু শর্মাকে গ্রেপ্তার করেছে।







