নিজস্ব সংবাদদাতা: ফের শুট আউট বীরভূমে। গুলিবিদ্ধ হয়ে মৃত এক ব্যাবসায়ী। মৃতের নাম তাপস দাস। বয়স ৩২। গত সোমবার ঘটনাটি ঘটে বীরভূমের মহম্মদ বাজার থানার এলাকায়। ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উত্তেজনা গোটা এলাকায়। তবে ব্যাবসায়িক কোনো কারণে নাকি পারিবারিক শত্রুতার কারণে এমন নৃশংস মৃত্যু সেটাই জানতে তদন্তে চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।
অনুব্রত নগরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালো পাথর ব্যাবসায়ী। জানা গিয়েছে, সেদিন সন্ধেবেলায় বাড়ি ফেরার জন্য পাথর চাল এলাকার পাথর খাদান থেকে বেরিয়েছিলেন। তখনই মাঝরাস্তায় দুষ্কৃতীর সম্মুখীন হন তিনি। মাঝরাস্তায় পর পর তিনটি গুলির শব্দ। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, বটতলা যাওয়ার পথে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে তারা ভেবেছিল হয়তো কোনো অ্যাকসিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে দেহ তুলে সিউড়ি হাসপাতালে নিয়ে যায় তারা। কিন্তু দীর্ঘ সময়ের কারণে সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসক ওই ব্যাবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে চলে আসেন তাপস দাসের পরিবারের সদস্যরা। গোটা পরিবারে শোকের ছায়া। তার ঘাড়ে দুটো এবং পেটে একটা গুলি লেগেছে বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা। পরিবারের এক সদস্যের দাবি, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং কারোর সাথে শত্রুতাও তেমন ছিল না। তিনি সব সময়ই ঝামেলা ও অশান্তি এড়িয়ে চলতেন। দুষ্কৃতীরা মূলত বাইকে এসে গুলি চালায় এমনই অনুমান পুলিশের। বিশদে জানতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী ধরা পড়েনি। তবে এই ঘটনার সাথে কারা যুক্ত রয়েছে এবং কেনই বা তাপস দাস কে খুন করলো তারা তা জানতে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন এমনটাই জানা গেছে সূত্রের তরফে।







