নিজস্ব সংবাদদাতা : দলের অন্দরে গোষ্ঠী কোন্দল যেন কিছুতেই থামছে না শাসক দলের। এবার উত্তর ২৪ পরগনার টাকিতে দলেরই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূলের পাঁচ কাউন্সিলর। ঘটনাটি জেলা নেতৃত্বকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এবার জেলা থেকে বিধানসভায় এসে জেলার মন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দিলেন তৃণমূলের ঐ পাঁচজন কাউন্সিলর।
মঙ্গলবার দিন টাকি পুরসভার ঐ পাঁচজন তৃণমূল কাউন্সিলর একযোগে বিধানসভায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে এসে হাজির হন ।দলের ঐ পাঁচ ক্ষুব্ধ কাউন্সিলরের সঙ্গে টাকি টাউন সভাপতিও ছিলেন। এদিন তিনিও নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁদের অভিযোগ, ভাইস চেয়ারম্যান ফারুক গাজি তাঁদের মারধর করেন, ভয় দেখান,কোনও কাজ করতে দেন না। জেলার নেতাদের কাছে বারবার অভিযোগ জানিয়েও সমস্যার কোনও সমাধান না হওয়ায় এই পদত্যাগের সিদ্ধান্ত বলে তাঁরা দাবি করেন।
টাকি পুরসভার মোট কাউন্সিলর ১৬ জন। এর মধ্যে দুজন বিজেপির। বাকি পাঁচ কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়াল ৯। বিষয়টি নিয়ে শাসকদলের অন্দরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি তৈরি হয়েছে। সূত্রের খবর, টাকি পুরসভা এলাকায় রীতিমতো দাপট চলে ফারুক গাজির। পুরসভার চেয়ারম্যান বা জেলা নেতৃত্ব কেউই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন না বলে অভিযোগ ওই ক্ষুব্ধ পাঁচ কাউন্সিলরের ।যদিও এই বিষয়ে ভাইস চেয়ারম্যানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কোনো উত্তর দেয়নি উত্তর ২৪ পরগণার দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ ভৌমিকও। তবে একসাথে পাঁচজন কাউন্সিলরের পদত্যাগের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দলের মধ্যেই।







