বিনোদন

বলিউডে আর কাজ করবেন না, রজতাভ দত্ত ! কিন্তু কেন ছাড়ছেন বলিউড ? জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা : রজতাভ দত্ত বাংলা চলচ্চিত্রে একজন অন্যতম ব্যস্ত অভিনেতা । সম্প্রতি তাঁর মুক্তিপ্রাপ্ত হিন্দি ওয়েব সিরিজ় ‘গানস অ্যান্ড গুলাবস’-এর একজন আফিম মাফিয়া সুকান্তের চরিত্রে অভিনয় দর্শক পছন্দ করেছে। সিরিজটিতে তাঁকে সতীশ কৌশিকের মতো অভিনেতাকে পর্দায় হুমকি দিতে দেখা গেছে। অভিনেতা নিজে কী রকম প্রতিক্রিয়া পেলেন তা জানতে চাওয়াতে রজতাভ হেসে বললেন, ‘‘হোয়াটস‌্অ্যাপ ছাড়া অন্য কোনও সমাজমাধ্যমে আমি নেই। তাই অনুরাগীদের তরফে এখনও কিছু জানতে পারিনি। বন্ধুরা বরং আমাকে মেসেজ করে তাঁদের ভাল লাগার কথা আমাকে জানাচ্ছেন’’।

এই সিরিজ়ের অভিনয় এর প্রস্তাব আসার পর অডিশন রেকর্ড করে পাঠিয়েছিলেন রজতাভ। তার পরেই বাজিমাৎ। এই সিরিজ়ে রাজকুমার রাও, সতীশ কৌশিক, দক্ষিণী তারকা দুলকের সমলন ছাড়াও বলিউডের একাধিক শক্তিশালী অভিনেতাকে দেখতে পাওয়া যাবে। প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের বন্ধুত্বপূর্ণ ব্যবহার এখনও মনে রয়েছে রজতাভর। তাঁর কথায়, ‘‘তারকা বলতে যাঁদের আমরা চিনি, তাঁরা কেউই কিন্তু যে মারাত্মক একটা দূরত্ব মেনে চলা বা নিজেদের আড়ালে রাখা, সে রকম কিছু খেয়াল করিনি।’’ ফ্লোরেই রাজকুমার রাও এবং বিপিন শর্মার সঙ্গে তাঁর আলাপ হয়। তিনি আরও জানান ‘এই সিরিজ়ে সুকান্তের দেহরক্ষীর চরিত্রে অভিনয় করেছেন এক জন প্রবাসী বাঙালি। নাম সোম।আসলে উনি ক্রাভ মাগা মার্শাল আর্টের প্রশিক্ষক। ওঁর আরও এক পরিচয়, সোম লেখিকা আশাপূর্ণা দেবীর নাতি। দু’জনে বাঙালি বলেই এক সঙ্গে মুসৌরি ঘোরা বা রাসকিন বন্ডের বাড়িতে যাওয়া— ওর সঙ্গে অনেকটাই সময় কেটেছিল।’’

বলিউডে বিশাল ভরদ্বাজের ‘কামিনে’ ছবি দিয়ে তিনি দর্শকদের চমকে দিয়েছিলেন রজতাভ।আর রাজ এবং কৃষ্ণা ডিকের ‘গানস অ্যান্ড গুলাবস’ তাঁর সপ্তম হিন্দি প্রোজেক্ট। কিন্তু রজতাভ বলিউড নিয়ে আপাতত খুব বেশি আগ্রহী নন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘আসলে হিন্দি তো আমার ভাষা নয়। ফলে ভাষাটা মনে রাখতে গিয়ে মনে হয়, নিজের অনেকটা এনার্জি নষ্ট হয়ে যায়।’’ ডেটের সমস্যার জন্য বিশালের তরফেই কাজের প্রস্তাব ফিরিয়েছেন বলে জানালেন রজতাভ। বললেন, ‘‘বাড়ি ছেড়ে খুব বেশি দিন বাইরে থাকতে পারি না। তা ছাড়া হিন্দি কাজের ডেট মূলত সেই কাজের মুখ্য তারকাদের কেন্দ্র করে ফেলা হয়। ফলে আমার ডেট নিয়ে সমস্যা হতেই থাকে।’’ তার মানে কি বলিউডে আর দেখা যাবে না তাকে? হেসে বললেন, ‘‘আমি আপাতত এটাই শেষ হিন্দি কাজ বলে ঠিক করেছি। বাংলায় কাজ করে দিব্যি আনন্দে রয়েছি। পরে ভাল কোনও প্রস্তাব এলে তখন ভেবে দেখব।’’

তবে এই মুহুর্তে বলিউড নিয়ে তিনি তেমন উৎসাহী না হলেও চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে রজতাভ অভিনীত বাংলা ছবি ‘ক্যাফে ওয়াল’। অরুদীপ্ত দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে তাঁকে একদম অন্যরকম পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রজতাভ অভিনীত এবং সৌরভ দাস পরিচালিত কল্পবিজ্ঞানের ছবি ‘কোহিনুর’। ২০৬০ সালের প্রেক্ষাপটে চর্চিত এই হীরেকে ঘিরে রহস্য ঘনীভূত হয়। তবে এই ছবিতে রজতাভর চরিত্রটি আপাতত আড়ালেই রেখেছেন নির্মাতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.