নিজস্ব সংবাদদাতা : এবার পুজোর কমিটির অনুদানের সাথে ছাড় মেলেছে বিদ্যুৎ বিলে। কিন্তু বার বার রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সংকটের কথা শোনা গিয়েছে।যখন সরকারি কোষাগারে আর্থিক এতো চাপ রয়েছে সেখানে ক্লাব গুলোতে অনুদানের পাশাপাশি বিদ্যুৎ বিল ছাড়ের কি খুব দরকার ছিল ? সেই নিয়ে উঠছে নানান রকমের প্রশ্ন।
শহরের একাধিক জায়গাতে বড় বড় পুজোর জন্য বিদ্যুৎ বিলের অঙ্ক কম আসে না। কিন্তু সে ক্ষেত্রেও সরকারের কাছ থেকে বিদ্যুতের বিলে বড়সড় অঙ্কের ছাড় মিলবে বলে জানা গিয়েছে। যেখানে একাধিক পুজোর বাজেট লক্ষ লক্ষ টাকা হয় । সেখানে এই ছাড়ের কি খুব দরকার ছিল ? এই প্রশ্নের উত্তরে অনেক পুজো কমিটির কর্তারা মুখ তালা বন্ধ করে রেখেছে। তবে আবার তাদের মধ্যে অনেকের দাবি যে সরকারের তরফ থেকে টাকা না এলেও পুজোর জাঁকজমকের অভাব হবে না।
শহরের বড় বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম, দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক পুজো কমিটির অন্যতম কর্তা সুদীপ্ত কুমার বলেন, ”অনুদান বা চাঁদায় কোনও বড় পুজো হয় না। বরং বড় পুজো করতে আমাদের তাকিয়ে থাকতে হয় কর্পোরেট সংস্থাগুলির দেওয়া বিজ্ঞাপনের উপরে। সেটা ঠিকঠাক এলেই বাকিটা নিয়ে ভাবতে হয় না। তবে অনুদান পেতে কার না ভাল লাগে! তাই আপত্তির কোনও প্রশ্নই নেই।” একই মত পোষণ করেন দক্ষিণের সুরুচি সঙ্ঘের অন্যতম উদ্যোক্তা কিংশুক মিত্রও। তাঁর মন্তব্য, ”সরকারি অনুদান বা ছাড় আমাদের বিভিন্ন সামাজিক কাজ করতে আরও উত্সাহ দেয়। সেটাই আমরা করে থাকি।”
কিন্তু পুজোর জন্য সরকারের ঘর থেকে পাওয়া অনুদান সম্পর্কে অনেকেই উপরি পাওনা বলে আখ্যা করেছেন। একটি পুজো কমিটি বলেছেন যে পুজোতে সরকারের অনুদান কেবলমাত্র টাকার অপচয় ! অনুদান ছাড়াও খুব সুন্দর করে পুজো করা সম্ভব।







