শিক্ষা

মিড-ডে মিলে সপ্তাহে দু’দিন ডিম দেবে স্কুলই, শিক্ষা দপ্তরের নতুন নির্দেশে স্পষ্ট হল নিয়ম

রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে মিড-ডে মিলের মেনুতে সপ্তাহে দু’দিন ডিম থাকছে আগের মতোই। তবে সেই ডিম সরবরাহের দায়িত্ব আপাতত স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে। বৃহস্পতিবার শিক্ষা ভবনে শিক্ষা দপ্তরের ডাকা বৈঠকে এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জানানো হয়েছে।

বৈঠকে মূলত সেই সমস্ত স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেখানে মিড-ডে মিল সরবরাহ করে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক পড়ুয়ার জন্য সপ্তাহে দু’দিন ডিম বাবদ ১৬ টাকা বরাদ্দ থাকবে, অর্থাৎ প্রতি ডিমের জন্য ৮ টাকা হিসেব ধরা হয়েছে। প্রথমে এই খরচ স্কুলগুলিকে কম্পোজিট গ্রান্ট থেকে বহন করতে হবে। পরে প্রয়োজনীয় বিল জমা দিলে সরকার সেই অর্থ ফেরত দেবে।

ডিম সংগ্রহের বিষয়েও একাধিক বিকল্প নিয়ে আলোচনা চলছে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সেদ্ধ ডিম সরবরাহের প্রস্তাব থাকলেও, মাত্র ৮ টাকায় ডিম কিনে সেদ্ধ করে স্কুলে পৌঁছে দেওয়া বাস্তবে কঠিন বলে মত অনেকের। তাই নদিয়ার হরিণঘাটা ফার্ম থেকে সরাসরি ডিম সংগ্রহের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, যেসব স্কুলে পড়ুয়ার সংখ্যা তুলনামূলক কম, সেখানে ডিম সেদ্ধ করার জন্য ইলেকট্রিক হিটার দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রান্নার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৫০ জন পড়ুয়া পিছু একজন এবং ৫০০ জন পড়ুয়ার জন্য মোট ছয়জন রাঁধুনি ও সহায়িকা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কলকাতা ও সংলগ্ন এলাকার বহু স্কুলে মিড-ডে মিল সরবরাহের দায়িত্বে রয়েছে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন। সেই কারণে মিড-ডে মিলে ডিম থাকবে কি না, তা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল। পরে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দেয়, কোনওভাবেই ডিম বাদ দেওয়া হবে না। সপ্তাহে দু’দিন পড়ুয়াদের হাতে সেদ্ধ ডিম তুলে দেওয়া হবে, আর সেই দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.