রাজ্য

দত্তপুকুর কাণ্ডের জেরে, ভাঙড়ে বন্ধ করতে হবে বোমা কারখানা ! নয়া চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে

নিজস্ব সংবাদদাতা: দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে বোমা কারখানা। দত্তপুকুর থেকে শিক্ষা নিয়ে ভাঙড়ের নতুন আট থানার সামনে এমনই দায়িত্ব তুলে দিল লালবাজার পুলিশ। লালবাজারের কর্তাদের একাংশের দাবি,বর্তমানে কলকাতা পুলিশ এলাকার কোথাও বাজি তৈরি হয় না। কিন্তু ভাঙড়-কাশীপুরের মতো এলাকায় শুধু বাজি নয়, বোমা তৈরির কারখানাও রয়েছে।

প্রসঙ্গত গত তিন মাস অন্তর তিন বার বোমার শব্দে কেঁপে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-কাশীপুর এলাকা। সেই সমস্ত বিস্ফোরণে মৃত্যু হয়েছে একাধিক জনের। জখমও হয়েছেন বহু মানুষ। এলাকাবাসীর অভিযোগ,এখানকার বহু বাড়িতেই রয়েছে বোমা তৈরির অবৈধ কারখানা। বিশেষ করে, কাশীপুরের চালতাবেড়িয়া ও চকমরিয়ার মতো একাধিক গ্রামেও এরকম বেশ কিছু বোমা কারখানা রয়েছে।এখন সেই সমস্ত কারখানা বন্ধ করাই চ্যালেঞ্জ নিল কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রের একাংশের দাবি, বর্তমানে কলকাতার পুলিশ এলাকাগুলোতে কোথাও বাজি তৈরি না হলেও, ভাঙড়-কাশীপুরের মতো এলাকায় শুধুমাত্র বাজি নয়, বোমা তৈরির কারখানাও রয়েছে। যার পরিণাম আমরা দেখেছিলাম ক’দিন আগের পঞ্চায়েত নির্বাচনে। সে সময়ে সেখানে বোমার সঙ্গে বন্দুকের দাপটও দেখা গিয়েছিল। এ বার ওইসব এলাকা কলকাতা পুলিশের অধীনে আসতে চলছে আগামী কয়েক দিনের মধ্যে। তাই দায়িত্ব নেওয়ার আগেই বোমা-বন্দুকের রমরমায় রাশ টানতে চাইছে লালবাজার।

চলতি মাসেই ভাঙড় ও কাশীপুর থানা কলকাতা পুলিশের অধীনে চলে আসবে বলে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় আটটি নতুন থানা তৈরি করা হচ্ছে। ওই আটটি থানা কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন নামে পরিচিত হবে। কবে থেকে সেখানে কলকাতা পুলিশের কর্মীরা থানার দায়িত্ব নেবে‌ন, ইতিমধ্যে তা ঠিক করা না হলেও বিভিন্ন থানায় কলকাতা পুলিশের বোর্ড লাগানোর কাজ শুরু হয়েছে।

লালবাজারের একাধিক অফিসার জানিয়েছেন, প্রায় ২১০ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে ওই ভিডিশনের আটটি থানা। ওই এলাকা একেবারেই নতুন কলকাতা পুলিশের গোয়েন্দা থেকে শুরু করে সাধারণ পুলিশকর্মীদের কাছে। এলাকা চিনে নিয়ে সেখানে আইনশৃঙ্খলা রক্ষা করা যেমন তাঁদের কাছে নতুন চ্যালেঞ্জ, তার থেকেও বড় চ্যালেঞ্জ, বোমা-বারুদের স্তূপে বসে থাকা ভাঙড়-কাশীপুরে অস্ত্র ও বিস্ফোরকের রমরমা বন্ধ করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.