শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আচমকা ভূকম্পনে কেঁপে উঠল Kolkata ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। প্রাথমিক অ্যালার্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশের Khulna।
৪৫ সেকেন্ড স্থায়ী কম্পন, বহুতল থেকে নেমে আসেন বাসিন্দারা
প্রত্যক্ষদর্শীদের দাবি, বারবার কম্পন অনুভূত হয়েছে। সবমিলিয়ে প্রায় ৪৫ সেকেন্ড ধরে কেঁপে ওঠে তিলোত্তমা। আতঙ্কে বহু বহুতল আবাসনের বাসিন্দারা দ্রুত নীচে নেমে আসেন। রাস্তায় দেখা যায় শয়ে শয়ে মানুষকে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, Howrah, Hooghly-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কম্পন টের পাওয়া যায়। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি পুরনো বাড়ি হেলে পড়েছে। যদিও এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
সাম্প্রতিক অতীতেও কেঁপেছে শহর
এর আগে ৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিট নাগাদও কেঁপে উঠেছিল কলকাতার বিস্তীর্ণ এলাকা। সেবার প্রায় ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়, উৎসস্থল ছিল মায়ানমার।
গত বছর নভেম্বর মাসেও সকাল ১০টা ৮ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণবঙ্গ। প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী সেই কম্পনের উৎস ছিল বাংলাদেশের নরসিংদীর কাছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৭।
এবারের ভূমিকম্পের স্থায়িত্ব তুলনায় বেশি হলেও এখনও পর্যন্ত কলকাতা বা পশ্চিমবঙ্গে প্রাণহানির খবর নেই। তবে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই একাধিক কম্পনের ভিডিও ভাইরাল হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।







