পুজোর মুখে যাত্রীদের জন্য বড় ঘোষণা করল পূর্ব রেল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং রুটগুলিতে বাড়তে থাকা চাপের কথা মাথায় রেখে একাধিক শাখায় নতুন ট্রেন ও অতিরিক্ত পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ অক্টোবর, সোমবার থেকেই নতুন পরিষেবাগুলি চালু হওয়ার কথা।
শুধু পুজোর ভিড় সামাল দেওয়াই নয়, কয়েকটি রুটে সারা বছরই এই পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে যাত্রী সংখ্যা এবং পরিষেবার চাহিদা পর্যালোচনা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে রেল।
শান্তিপুর-কৃষ্ণনগর লাইনে বাড়ছে ট্রেন
দীর্ঘদিন ধরে শান্তিপুর-কৃষ্ণনগর সিঙ্গল লাইন সেকশনে ট্রেনের সংখ্যা কম। বর্তমানে ২৪ ঘণ্টায় মাত্র একটি ট্রেন চলাচল করে। যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এবার এই রুটে আরও একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত দু’মাস পরীক্ষামূলকভাবে পরিষেবা চালানো হবে।
বজবজ শাখায় রাতের শেষ লোকাল
শিয়ালদহ-বজবজ শাখাতেও বাড়ছে রাতের পরিষেবা। নতুন রাতের শেষ লোকালটি শিয়ালদহ থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে এবং বজবজ পৌঁছবে রাত ১১টা ৪৩ মিনিটে। আবার বজবজ থেকে রাত ১১টা ৫৪ মিনিটে ছেড়ে ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে।
শিয়ালদহ-বর্ধমানেও রাতের ট্রেন
শিয়ালদহ-বর্ধমান রুটের যাত্রীদের দীর্ঘদিনের দাবিও পূরণ হতে চলেছে। এই রুটে দুই দিকেই রাতের ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ফলে রাতের দিকে যাতায়াত করা যাত্রীদের সুবিধা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও কৃষ্ণনগরগামী একটি এসি লোকালের স্টপেজ বাড়ানো হয়েছে। এবার থেকে ওই ট্রেনটি বাদকুল্লা স্টেশনেও থামবে।
পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, নতুন পরিষেবাগুলিতে যাত্রীদের সাড়া কেমন মিলছে, তা পর্যবেক্ষণ করা হবে। যাত্রীসংখ্যা ও চাহিদার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।







