নিজস্ব সংবাদদাতা : বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মুম্বইয়ে আলোচনার টেবিলে বসার আগেই বুধবার কাকভোরে ১০ জনপথে (সনিয়া গান্ধীর বাসভবন) রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর কংগ্রেস ও তৃণমূল উভয়ের জন্যই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আলোচনা হয়েছে ২০২৪ এর লোকসভা ভোটের সার্বিক উন্নয়নের রণকৌশল ও পশ্চিমবঙ্গের সঙ্গে প্রাথমিক বোঝাপড়ার বিষয়গুলি।
মুম্বইয়ে ‘জোট ইন্ডিয়া’র সম্মেলন শুরুর ঠিক একদিন আগে কংগ্রেস নেতার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বৈঠক জাতীয় বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস এবং তৃণমূল— উভয় শিবির সূত্রেই দাবি, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।শুধুমাত্র এই বৈঠকের জন্যই অভিষেক আলাদা করে দিল্লিতে চলে গিয়েছিলেন মুম্বই যাওয়ার আগে। সরাসরি মমতার সঙ্গে মুম্বই যাননি। এর আগে বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে মমতা ও রাহুলের মধ্যে দারুণ বোঝাপড়া দেখা গিয়েছিল। মমতা সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে রাহুলকে ‘আমাদের সকলের প্রিয়’ বলে সম্বোধন করেন। জোটের নামকরণও করেন দু’জনে একসঙ্গে। তবে রাজনৈতিক মহলের একাংশের মত , এতদিন মমতা-সনিয়া সমীকরণ ভাল হলেও মমতা-রাহুল এর কোন রকম সখ্য ছিল না। এখন তা পরবর্তী প্রজন্মে চলে এল।
আজ সকালেই কর্নাটকের এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কথা ছিল রাহুলের। কংগ্রেস সূত্রের খবর, তাই তড়িঘড়ি করে ভোর সাড়ে ছ’টার সময়ে অভিষেক পৌঁছে যান রাহুলের সঙ্গে দেখা করতে। এক ঘণ্টা একান্তে কথা হয় দুই নেতার। তার পরেই রাহুল রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে। এর পরে রাজ্য রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্ক কোন খাতে গড়ায়, ঔৎসুক্য রয়েছে তা নিয়েও।
রাজনৈতিক শিবিরের বক্তব্য, যে ভাবে সম্প্রতি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জাতীয় স্তরে ঘনিষ্ঠতা দেখা যাচ্ছিল, তারই পরিণতি রাহুল-অভিষেকের আজকের বৈঠক। তবে একই সঙ্গে যে প্রশ্নটি আজকের পরে আরও জোরালো হচ্ছে, তা হল পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরানো বাংলার কংগ্রেস কর্মীদের কাছে তৃণমূল বিরোধিতার প্রশ্নে বিশ্বাসযোগ্যতা এর পরে কতটা থাকবে? ‘বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি’-র প্রচলিত ব্যঙ্গকেই যে কাজে লাগাবে বিজেপি, তা প্রত্যাশিত।
গত কালই অধীর কলকাতায় কর্মীদের বলেন, ‘‘আপনাদের বলে যাই, বাংলায় এক দিকে তৃণমূল, অন্য দিকে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’’ এবার রাহুল-অভিষেকের এই বৈঠকের পরে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অধীরের হাতে কী রসদ জোগাবে কংগ্রেস হাইকমান্ড,এখন সেটাই দেখার। আজকের বৈঠকের পরে লোকসভায় কংগ্রেসকে আসন ছাড়ার প্রশ্নে তৃণমূলও কী নীতি নেয়,সে বিষয়েও ঔৎসুক্য রয়েছে রাজনৈতিক শিবিরের।







