রাজ্য

ছাত্র মৃত্যুতে ঘরে-বাইরে প্রবল চাপে যাদবপুর,অভ্যন্তরীণ তদন্তে এল কড়া শাস্তির সুপারিশ !

নিজস্ব সংবাদদাতা : এই বছর একটা ছাত্রের মৃত্যু নাড়িয়ে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর প্রশ্ন, হাই কোর্টের নির্দেশ, ইসরোর বিজ্ঞানীদের পরিদর্শন, প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে কার্যত প্রশ্নের মুখে যাদবপুর কর্তৃপক্ষ। এর মধ্যেই র‌্যাগিং রুখতে একাধিক কড়া পদক্ষেপ ঘোষণা করল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। ধৃত ছাত্রদের বহিষ্কার থেকে প্রাক্তনীদের হস্টেল থেকে বার করে দেওয়ার সুপারিশও রয়েছে তার মধ্যে। যার ফলে সব মিলিয়ে ঘরে – বাইরে প্রবল চাপের মুখে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত গত ৯ই অগস্ট প্রথম বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। র‌্যাগিং রুখতে তারা কী কী পদক্ষেপ গ্রহন করেছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বার র‌্যাগিং নিয়ে কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলল ইউজিসি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ইউজিসির নির্দেশিকা মেনে র‌্যাগিং-বিরোধী কমিটি থাকলেও কেন তা সক্রিয় নয়, কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসে সেই প্রশ্নই তুলেছেন প্রতিনিধিরা। প্রথম বর্ষের ছাত্রদের থাকা নিয়ে কী কী ব্যবস্থা করা হয়েছে, তা নিয়েও একের পর এক প্রশ্ন তুলেছে ইউজিসি।

প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই আতশকাচের নীচে রয়েছে যাদবপুরের হস্টেল। বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের একটি ব্লকের তিন তলা থেকে রহস্যজনক ভাবে পড়ে গিয়েছিলেন ওই ছাত্র। অভিযোগ ওঠে হস্টেলের কিছু প্রাক্তনীদের বিরুদ্ধে।ওই ছাত্রমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তনীরাও। এর পর থেকেই শিক্ষক এবং ছাত্রদের একটা বড় অংশ দাবি তুলেছিলেন, হস্টেল থেকে এই প্রাক্তনীদের বার করে দেওয়া হোক। এ বার সেই নির্দেশ দিল আদালত। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মঙ্গলবার জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল ছাড়তে হবে। এই নিয়ে পদক্ষেপ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই।এই নির্দেশের পরেই প্রশ্ন উঠেছে, তবে কি এত কিছুর মধ্যে হস্টেলে এখনও থাকছিলেন প্রাক্তনীরা?

শুধু আদালত নয়, ওই প্রাক্তনীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও। এ সবের মধ্যেই রাজ্যপালের কথা মেনে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন ইসরোর দুই বিজ্ঞানী। র‌্যাগিং রুখতে কী ভাবে প্রযুক্তিকে ব্যবহার করা যায়, সেটাই দেখতে এসেছেন তাঁরা। প্রথম বর্ষের ওই ছাত্রমৃত্যুর পর র‌্যাগিং মোকাবিলায় ইসরোর প্রযুক্তি ব্যবহার করার জন্য সংস্থার চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের পাশাপাশি র‌্যাগিং রুখতে তত্‍পর কলকাতা হাই কোর্টও। হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কোনও বিশ্ববিদ্যালয়ে যদি র‌্যাগিং বিরোধী কমিটি না থাকে, তা হলে তা গঠন করতে হবে। পাশাপাশি, যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রভোট হয়নি, সেখানে সব দিক খতিয়ে দেখে নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশও দেন বিচারপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.