কলকাতা পুরসভাকে উন্নয়নমূলক কাজে ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা বরাদ্দের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা পুরসভায় ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচির উদ্বোধন করে তিনি জানান, রাজ্য সরকারের তরফে অন্তত ৬০০ কোটি টাকা এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরও প্রায় ১০০০ কোটি টাকা পাওয়া সম্ভব। এই অর্থ শহরের পরিকাঠামো উন্নয়ন, নিকাশি ব্যবস্থা ও পরিবেশ সংস্কারের কাজে ব্যয় করা হবে।
আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরকে সামনে রেখে শহরজুড়ে শুরু হয়েছে পাঁচদিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার থেকে বিভিন্ন ধর্মীয় ও দর্শনীয় স্থানে সাফাই কর্মসূচি শুরু হয়েছে। আগামী কয়েক দিনে শহরের পার্ক, বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ঘাট এবং গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
মুখ্যমন্ত্রী টালিনালা ও আদিগঙ্গার সংস্কারের উপরও জোর দেন। তিনি বলেন, প্রয়োজনীয় ডিপিআর তৈরি হলে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় বিপুল অর্থ পাওয়া যেতে পারে। কর্মসূচির অংশ হিসেবে আদিগঙ্গা সংলগ্ন ১৪টি ঘাট পরিষ্কার ও সৌন্দর্যায়ন করা হবে। পাশাপাশি ৫০টি প্রধান সড়ক থেকে প্রায় ৫,৮০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ, ৩৪০ কিলোমিটার রাস্তা পরিষ্কার এবং একাধিক খাল, ফুটপাত ও সেতু পরিষ্কারের লক্ষ্য নেওয়া হয়েছে।







