উৎসবের মরশুমে নির্জন পরিত্যক্ত মাঠ থেকে উদ্ধার হলো বৃদ্ধার মৃতদেহ। বুধবার সকাল বেলাই স্থানীয় বাসিন্দাদের চোখে পরে ক্ষত বিক্ষত অবস্থায় পরে থাকতে এক পরিযায়ী শ্রমিক বৃদ্ধার মৃতদেহ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। বুধবার এই ঘটনাটি ঘটে হিলি থানার অন্তর্গত জামালপুর পঞ্চায়েতের গাড়না গ্রামে। ওই গ্রামের বছর পঞ্চান্নর বাসিন্দা জ্যোৎস্না কিস্কু। জানা যায়, ওই বৃদ্ধার দুই ছেলে রয়েছে, তারা দুইজনই ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আর তার স্বামী কয়েকবছর আগেই মারা গেছেন ।
বুধবার সকালে ওই বৃদ্ধার মৃতদেহ বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কৃষিজমিতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা খবর দেয় হিলি থানায় । খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে নিয়ে যায় হিলি গ্রামীণ হাসপাতালে। ওই ঘটনাটি প্রকাশ্য আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য । প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান , শিয়ালের হামলায় মৃত্যু হয় ওই বৃদ্ধার । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা উত্তম বর্মণ বলেন, “কৃষিজমিতে প্রতিবেশী বৃদ্ধ মহিলাকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বৃদ্ধার মাথা, কান খুবলে খেয়েছে শিয়াল বলে মনে হচ্ছে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটেছে। সন্তানেরা বাইরে রাজ্যে কাজ করে। বাড়িতে কেউ নেই। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে মৃত্যুর বিষয়টি সামনে নিয়ে আসুক।”







