শীতকাল মানেই ত্বক ড্রাই হয়ে যাওয়ার মতো সমস্যা। ফলে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন ত্বক ভালভাবে পরিষ্কার করে নেওয়া দরকার। ত্বক পরিস্কার করে নাইট ক্রিম ব্যবহার করা খুবই জরুরি। রুক্ষ ত্বকের পরিচর্যায় বাজার চলতি নামী দামী নাইট ক্রিমের থেকেও কার্যকরী হতে পারে বাড়িতে তৈরি ক্রিম। দিন পনেরো একটানা ব্যবহার করলেই পাওয়া যাবে উপকারিতা।
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ময়েশ্চারাইজার ব্যবহার করলে এটি ত্বকের উপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে না। পাশাপাশি ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রভাব বজায় রাখে। এতে ত্বক নরম ও কোমল দেখায়।
অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুবই ভালো। প্রায় সবার বাড়িতেই থাকে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরার পাতা থেকেই বের করে নিতে পারেন অ্যালোভেরা জেল। যার সাহায্যেই আপনার ত্বক সুন্দর ও কোমল রাখতে পারেন। ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত।
প্রাচীনকাল থেকেই ত্বকের সমস্যায় অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদেও (Ayurveda) লেখা আছে অ্যালোভেরার গুণ। মুখের ত্বক রাখে টানটান। একইসঙ্গে আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে।
কীভাবে বানাবেন অ্যালোভেরা নাইট ক্রিম:
এর জন্য আপনার প্রয়োজন ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল। ২ টেবিল চামচ গোলাপ জল। ১ টেবিল চামচ আমন্ড অয়েল। ৭-৮ ড্রপ ল্যাভেন্ডার অয়েল নিন। প্রতিটি উপাদানই আপনার ত্বকের জন্য খুবই ভালো।
একটি পাত্রে গোলাপ জল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। তার মধ্য়ে আমন্ড অয়েল মেশান। শেষে এসেনশিয়াল অয়েল মেশান। আপনার নাইটক্রিম তৈরি। একটি এয়ার টাইট কৌটোয় রেখে ফ্রিজে রেখে দিন। সেটা মুখে লাগিয়ে নেবেন ভালো করে।
কীভাবে লাগাবেন এই নাইট ক্রিম?
প্রতি রাতে শুতে যাওয়ার আগে আপনার মুখ ভালো করে পরিষ্কার করে নিন। মেকআপ করে থাকলে সেটা তুলে নিন। তারপর মুখে ফেসওয়াশ দিয়ে ক্লিনজিং করে নিন। পরিষ্কার মুখে টোনার লাগিয়ে নিন। তারপর নাইট ক্রিম মেখে নিন। সামান্য মাসাজ করে নিতে পারেন। এতেই ত্বক ভালো থাকবে আপনার।







