আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, আজ রাতেই রাজ্য বিজেপি দফতরে যাবেন তিনি। সেখানে গিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শনিবার সকালে নবান্ন সভাঘরে বৈঠকে তাঁর মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল অমিত শাহ যেতে পারেন রাজারহাটের বিএসএফ ক্যাম্পে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি। এরপর শনিবার রাতেই তিনি চলে যাবেন দিল্লি। শাহর সফর প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উবাচ, ‘সরকারি অনুষ্ঠানে আসছেন উনি। পার্টির প্রোগ্রামে না। বিজেপি তাঁকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারে। তার বেশি কিছু নয়।’
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই অমিত শাহের নেতৃত্বে একটা বৈঠক হওয়ার কথা ছিল। সীমান্ত নিরাপত্তা-সহ একাধিক ইস্যুতে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে বাতিল হয় সেই বৈঠক। বঙ্গ বিজেপি নেতারা শাহকে স্বাগত জানাবেন বলেই খবর।






