রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের চাঞ্চল্য। গত সোমবার মধ্যরাতে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পর ফের জানাল নির্বাচন কমিশন— আগামী শুক্রবারই প্রকাশ পেতে পারে দ্বিতীয় SIR Supplementary List 2026।
কমিশন জানায়, প্রথম দফায় প্রায় ৬০ লক্ষ আবেদনের মধ্যে ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে। বুধবারের আপডেটে কমিশনের দাবি— মঙ্গলবার রাত পর্যন্ত মোট ৩২ লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম মুছে দেওয়া হয়েছে। তবে, নিষ্পত্তি হলেও আপলোড হয়েছে মাত্র ১০ লক্ষ নাম।
আদালতের ভূমিকা
কলকাতা হাইকোর্টকে কমিশন জানিয়েছে, আদালত যদি নির্দেশ দেয় তালিকা প্রতিদিন দিতে হবে, তাহলে কমিশনও প্রতিদিনই তালিকা আপলোড করবে। তবে আদালত সূত্রে জানা যাচ্ছে— আগামী শুক্রবারের তালিকা প্রকাশের পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট।
নন্দীগ্রামের বিডিও বদলি নিয়ে উত্তাপ
নন্দীগ্রামের বিডিও-কে ভবানীপুরে বদলি করা নিয়ে তৃণমূলের অভিযোগের জবাবে কমিশন স্পষ্ট জানায়—
“কোনও আধিকারিক পাঁচ বছর আগে কোথায় কাজ করেছেন, সেটি এখন বদলির ক্ষেত্রে বাধা হতে পারে না। কমিশন যেখানে প্রয়োজন মনে করবে, সেখানেই আধিকারিককে নিয়োগ করবে।”
‘Under Adjudication’ বিতর্কে কমিশনের ব্যাখ্যা
মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইটে প্রায় সমস্ত রাজ্যবাসীর নামই Under Adjudication দেখানো হয়। মুহূর্তে রাজনৈতিক মহলে হুলস্থূল পড়ে যায়।
তৃণমূল-সহ বিরোধীরা কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি— তাঁর নামও ওই তালিকায় ছিল।
কমিশন পরে জানায়— এটি হয় হ্যাকিং, নয় টেকনিক্যাল গ্লিচ।
পর্যবেক্ষক নিয়ে নতুন বিতর্ক
বিহারের পুলিশ আধিকারিক জয়ন্ত কান্তকে রাজ্যের পুলিশ অবজারভার হিসেবে আনা নিয়ে নতুন অভিযোগ তোলে তৃণমূল। দাবি— তাঁর স্ত্রী বিহার বিজেপির নেত্রী।
এর জবাবে কমিশনের বক্তব্য—
“কোনও প্রার্থীর নিকটাত্মীয় সরকারি দায়িত্বে থাকতেই পারেন, শুধু তিনি যেন নির্বাচনী কাজে যুক্ত না থাকেন।”
উল্লেখ্য, ২০২১ সালেও লাভলি মৈত্র প্রসঙ্গে একই ধরনের বিতর্ক উঠেছিল।
নাম বাদ গেলে কী করবেন? কমিশনের পরামর্শ
যাঁদের নাম আপাতত বাদ দেখাচ্ছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যের ২৩টি জেলার জন্য গঠন করা হয়েছে ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি।
আবেদন পদ্ধতি
অনলাইন ও অফলাইন— উভয়ভাবেই আবেদন করা যাবে।
অফলাইন: জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের অফিসে আবেদন।
অনলাইন: ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন।
ট্রাইব্যুনালের কাজ শুরু নিয়ে নির্দেশিকা
রাজ্য সরকার ট্রাইব্যুনালের অফিস পরিকাঠামো তৈরি করে হাইকোর্টে রিপোর্ট জমা দেবে। আদালতের নিযুক্ত পর্যবেক্ষক সবকিছু খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলে তবেই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে।
সকল আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল চলবে।







