উইপোকার কাছে সব কাগজ সমান। সেটা খবরের কাগজ হোক বা টাকার নোট। রাশি রাশি টাকা তারা অক্লেশে খেয়ে ফেলল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সেখানকার এক বৃদ্ধা তিল তিল করে তার মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন। সেই টাকা যাতে সুরক্ষিত থাকে তার জন্য নিজের কাছে না রেখে টাকাটা ব্যাংকের লকারে রেখে এসেছিলেন।
বৃদ্ধা অলকা পাঠক গত বছর অক্টোবরে মোট ১৮ লাখ টাকা গচ্ছিত রেখেছিলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। টাকার সঙ্গে গয়নাও রেখেছিলেন ব্যাংকের লকারে। কিন্তু সেই টাকা খেয়ে ফেলল উইপোকা!
ব্যাংকের নিয়ম অনুযায়ী কেওয়াইসি আপডেট করানোর জন্য, চলতি সপ্তাহের সোমবার অলকা ব্যাংকে কেওয়াইসি জমা দিতে গিয়েছিলেন। তাঁর গচ্ছিত সম্পদ ঠিক আছে কি না তা দেখার জন্য লকার খোলেন তিনি। তারপর যা দেখতে পান তা দেখে তার চোখ কপালে উঠে যায়।
ব্যাংকের লকারের ভেতর থেকে বান্ডিল বান্ডিল টাকা উধাও। লকারে ভেতরে কিলবিল করছে উইপোকা। যা দেখার পর বৃদ্ধা ব্যাংক কর্তৃপক্ষকে জানান। অলকা বলেন, তার বড়ো মেয়ের বিয়ের সময় কিছু টাকা বেচে গিয়েছিল। এছাড়া তিনি একটা ছোট ব্যবসা ও চালান। যেখান থেকে তার কিছু টাকাও আসে। তার পুরো সঞ্চয় তার ছোট মেয়ের বিয়ের জন্য তিনি রেখেছিলেন।মোট ১৮ লাখ টাকা জমিয়েছিলেন।
তারপর সেই টাকা তিনি ব্যাংকে রেখে আসেন অক্টোবর মাসে । অলকার দাবি, লকারে যে টাকা রাখা যায় না, সেটাই তিনি জানতেন না! ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।







