নবান্নের আদলে আগেই সল্টলেকে রাজ্য শিক্ষা দপ্তরের সদর দপ্তর বিকাশ ভবনের নামফলকের রং নীল-সাদা থেকে পরিবর্তন করে গেরুয়া করা হয়েছিল। এবার একই পরিবর্তনের প্রভাব পড়ল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ ডিজিটাল মাধ্যম ‘বাংলার শিক্ষা’ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালেও।
পোর্টালটির নতুন ইন্টারফেসে চোখ রাখলেই রঙের এই বদল স্পষ্ট। উপরের প্রধান ব্যানার, ‘সাইন ইন’ বাটন এবং ওয়েবপেজের বর্ডারে এতদিন যে নীল রঙের ব্যবহার ছিল, তা সরিয়ে সেখানে জায়গা করে নিয়েছে গেরুয়া বা কমলা রং। রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক, প্রধান শিক্ষক এবং প্রশাসনিক আধিকারিকরা এই পোর্টাল ব্যবহার করেই পড়ুয়াদের নম্বর নথিভুক্ত করা থেকে শুরু করে বিভিন্ন দৈনন্দিন প্রশাসনিক কাজ সম্পন্ন করেন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন সরকারি ও প্রশাসনিক ক্ষেত্রে রঙের পরিবর্তন নজরে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার শিক্ষা দপ্তরের অনলাইন পোর্টালেও বদলে গেল রঙের বিন্যাস। এর আগে সরকারি স্কুলের খাতা এবং পড়ুয়াদের স্কুলপোশাকের ক্ষেত্রেও দীর্ঘদিনের নীল-সাদা রঙের পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল বর্তমান প্রশাসন।
নবান্ন, বিকাশ ভবন থেকে শুরু করে একাধিক সরকারি হাসপাতাল ও প্রশাসনিক ভবনের নামফলকেও ইতিমধ্যে রঙের পরিবর্তন করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল ‘বাংলার শিক্ষা’ পোর্টাল। সরকারি ভবনের নামফলক এবং স্কুলের সামগ্রীর পর শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মেও এই পরিবর্তনকে ঘিরে শিক্ষামহল থেকে রাজনৈতিক মহল—সর্বত্রই নতুন করে আলোচনা শুরু হয়েছে।







