পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তিন মাস পর অবশেষে ঘাতকদের পরিণতি টানল ভারতীয় সেনার ‘অপারেশন মহাদেব’। সোমবার দুপুরে বৈসরন উপত্যকায় সেনা-সিআরপিএফ-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহ ওরফে মুসা সহ তার দুই ঘনিষ্ঠ সহযোগী জিব্রান ও হামজা।
গোয়েন্দা সূত্রে খবর, স্যাটেলাইট নির্ভর টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস, যা হামলার সময় ব্যবহার করেছিল জঙ্গিরা, তা সম্প্রতি ফের চালু করে মুসা। সিগন্যাল ধরেই জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয় সেনার। শুরু হয় অপারেশন মহাদেব।
সোমবার সকাল ৮টা। দাচিগামের গহীন জঙ্গলে ড্রোনের মাধ্যমে মিলল জঙ্গিদের স্পষ্ট অস্তিত্বের ইঙ্গিত। প্রায় ৩০ মিনিট চড়াই পার করে এগোয় সেনা বাহিনী। ১১টা নাগাদ শুরু হয় এনকাউন্টার। মাত্র ৪৫ মিনিটেই প্রথম জঙ্গিকে নিকেশ করে সেনা। এরপর ঘন জঙ্গলে শুরু হয় চিরুনি অভিযান। এক ঘণ্টার মধ্যেই খতম আরও দুই জঙ্গি।
জঙ্গিদের ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে কারবাইন, একে-৪৭-সহ প্রচুর বিস্ফোরক। সেনার দাবি, বড় হামলার ছক কষছিল তারা।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটক বোঝাই গাড়ির উপর হামলা চালিয়ে ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ স্থানীয়কে নৃশংসভাবে হত্যা করে এই তিন জঙ্গি। এনআইএ তদন্তে উঠে আসে, হামলার মূল চক্রী সুলেমান আগে পাকিস্তান সেনার এলিট কমান্ডো ইউনিটের সদস্য ছিল। পরে সে হাফিজ সইদের লস্কর-ই-তইবায় যোগ দেয়। তার দুই সঙ্গী জিব্রান ও হামজা—দু’জনই অতীতেও একাধিক জঙ্গি হামলার ঘটনায় জড়িত ছিল।
সূত্রের খবর, সেনার অপারেশন মহাদেব ছিল ‘target-specific’, যাতে কোনওরকম collateral damage না হয়। সফল এই অভিযানে জঙ্গিদের কাশ্মীর উপত্যকায় ফের ভয়ংকর হামলার ছক ভেস্তে দিল ভারতীয় সেনা।
ঘটনার গুরুত্বে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “জঙ্গি ও তাদের আশ্রয়দাতাদের জন্য কোনও মাটি নেই ভারতে। বাহিনীকে কুর্নিশ।”
কাশ্মীর পুলিশের আইজি জানান, “This is a huge breakthrough. Musa was planning another Pulwama-scale attack.”







