সুধীর চৌধুরী, রাম বাবু কিংবা সরাভানন হরি— এঁরা যেমন নিজেদের প্রিয় ক্রিকেটারদের জন্য জীবন উৎসর্গ করেছেন, ঠিক তেমনই ইছাপুরের শিবশঙ্কর পাত্রের জীবনের কেন্দ্রবিন্দু একটাই নাম— লিওনেল মেসি। তবে পার্থক্য একটাই, যাঁকে তিনি এত বছর ধরে ঈশ্বরের মতো পূজেছেন, সেই মানুষটি হয়তো জানতেনই না তাঁর এমন এক অন্ধভক্তের কথা।
২০১১ সালে প্রথম মেসিকে সরাসরি দেখতে না পারলেও সেই সময় থেকেই শিবের শুরু হয় মেসি-আরাধনা। আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছিলেন নিজের বাড়ি। এলাকার মানুষ আজও বলেন, ‘‘ওটাই তো আর্জেন্টিনা বাড়ি!’’ এমনকি নিজের নাতির নামও রেখেছেন লিও। বাইপাস সার্জারির পরও মেসির জন্মদিন পালন থামেনি। এ বছরও মেসির ৩৮তম জন্মদিনে ৩৮ পাউন্ডের কেক কেটে ৩৮ রকম মিষ্টি বিলিয়েছেন চারপাশের মানুষকে।
কিন্তু এ বছর তাঁর সেই ভক্তির পুরস্কার পেতে চলেছেন শিবে। কারণ, ১৪ বছর পর ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি। আর সেই খবর জানার পরই শিবের মেয়ে নেহা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন শতদ্রু দত্তের সঙ্গে। তিনিই এবার চেষ্টা করছেন যাতে শিবশঙ্করের সঙ্গে দেখা হয় তাঁর জীবনের ‘ভগবান’-এর।
নেহা বলেন, “বাবা শুধু মেসিকেই জানেন। ফুটবল ছাড়া জীবনে কিছুই নেই তাঁর। বাবার মুখে হাসি ফোটাতে চাইছিলাম। যখন জানলাম শতদ্রু স্যার যোগাযোগ করেছেন, বিশ্বাসই করতে পারছিলাম না!”
শিবশঙ্করও আবেগ চেপে রাখতে পারেননি, ‘‘মেসির সঙ্গে দেখা হবে— ভাবতেই পারছি না। ২০১১ সালে স্বপ্ন অপূর্ণ ছিল। এবার যদি সত্যিই দেখা হয়, তাহলে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে।’’
ইছাপুরের এই সাধারণ চায়ের দোকানদারই এখন আলোচনার কেন্দ্রে। যাঁর একনিষ্ঠ ভক্তি পেরিয়েছে দেশের সীমানা, পৌঁছে গিয়েছে আর্জেন্টিনায়ও। ডিসেম্বরেই হয়তো সত্যি হতে চলেছে সেই দীর্ঘদিনের স্বপ্ন— মেসির সামনে দাঁড়িয়ে তাঁর হাত ধরা।
এ যেন শিবশঙ্করের নয়, পুরো ইছাপুরেরই এক স্বপ্নপূরণের মুহূর্ত







