নয়া বছরে নন্দীগ্রামবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার নন্দীগ্রাম এবং হলদিয়ার সংযোগকারী সেতু। যা প্রস্তুত করবে রাজ্য সরকার। শুক্রবার এই কথাই ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান, এই সেতুটি তৈরি হয়ে গেলে নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরের অর্থনৈতিক পরিস্থিতি বদলে যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা ভোটের পূর্বে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর এই সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। শেষ পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয় না পেলেও নিজের দেওয়া প্রতিশ্রুতি মুখ্য়মন্ত্রী রক্ষা করছেন বলে দাবি করেছেন কুণাল। পঞ্চায়েতের আগে এহেন সিদ্ধান্তগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।
হলদি নদীর একাধারে নন্দীগ্রাম, অন্যধারে হলদিয়া। কর্মসূত্রে হোক বা অন্য প্রয়োজনে দুই পাড়ের বাসিন্দা নিয়মিত দু’দিকেই যাতায়াত করেন। তবে দুই পাড়ের যোগাযোগের ভরসা কেবল ফেরি পরিষেবা। এবার জলপথের বদলে অন্য রাস্তা ধরলে নন্দকুমার দিয়ে ঘুরে যেতে হয়। এবং তা সময়সাপেক্ষ। সেতু তৈরি হলে সময় এবং খরচ বাঁচবে বলেই মনে করছেন বাসিন্দারা।







