লালন শেখ মৃত্যু মামলায় পুলিসি তদন্তে অনাস্থা কেন্দ্রীয় তদন্তকারীদের। লালন শেখ মামলায় সিবিআই-এর দাবি, উক্ত তদন্ত পুলিস আর এক দিনও চালালে তথ্য প্রমাণ সব লোপাট হয়ে যাবে। তদন্ত ভুল পথে চলে যাবে। ময়না তদন্তের যে রিপোর্ট সিবিআইকে দেওয়া হয়েছে, তাতে আশঙ্কা আরও তীব্র হয়েছে বলে শুক্রবার আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারীরা। পুলিসি তদন্তে কাজে সমস্যা হতে পারে বলেও দাবি করেন সিবিআই-এর আইনজীবী।
কী নির্দেশ কলকাতা হাইকোর্টের? এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, আগামী সোমবারের মধ্যে সিআইডি’র পক্ষ থেকে কেস ডায়েরি জমা দিতে হবে। তারপর এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। গত ১২ ডিসেম্বর রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচাগারে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। উক্ত ঘটনায় বীরভূম পুলিসের পক্ষ থেকে জানানো হয়, আংশিক ঝুলন্ত ছিল দেহ। গলায় ফাঁস লাগানো ছিল ঠিকই, তবে লালনের পা মাটিতে ঠেকে ছিল। অর্থাৎ এই মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করে পুলিস।
পূর্বে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে উক্ত মামলার শুনানি হয়। সেই সময় বিচারপতি জয় সেনগুপ্ত দু’দিন এই মামলা শোনেন। এবার রেগুলার বেঞ্চেও সেনগুপ্তেরই এজলাসে এই মামলার শুনানি। আগামী সোমবার বেলা ১১টায় ফের শুনানির তারিখ।







