আদিবাসী সমাজের শিক্ষা সংক্রান্ত বিষয়ে সেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠকে বসার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল অর্থাৎ শুক্রবার ঝাড়গ্রামের নয়াগ্রামে সবুজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বৈঠক করার কথা বলেন তিনি।
সম্প্রতি সাঁওতালি শিক্ষা পর্ষদ গঠনের দাবিতে পথ অবরোধ করেছিল আদিবাসী সংগঠন। শিক্ষামন্ত্রীর দাবি, সাঁওতালি ভাষার প্রতি মান্যতা সবথেকে অধিক দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন কাজ আর কেউ করবে না। ব্রাত্য-উবাচ, ‘বিরবাহার থেকে শুনেছি কিছু কিছু বিরোধীদের প্ররোচনা রয়েছে। যে সামান্য সংখ্যক রাস্তা রয়েছেন, আপনারা আলোচনায় আসুন।’ তাঁর সংযোজন, ‘কয়েক বছর ধরে নিয়োগ করতে পারছি না। আদালতের কাছে নিয়োগের জন্য আবেদন করেছি। মনে হয় শীঘ্রই জটিলতা কাটবে। নিয়োগ করতে পারব।’
ব্রাত্য বসুর কথায়, ‘এখানে সাঁওতালি ভাষার প্রতি সবচেয়ে বেশি মান্যতা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আমরাও দেখাব যে, স্কুলগুলি আপগ্রেড করা উচিত। তার প্রতিটি জায়গায় আমরা হোস্টেল তৈরি করছি। এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ করবেন না।’ ঝাড়গ্রামের স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি বর্তমান। সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘শিক্ষক নিয়োগের ঘাটতি সমস্ত জেলাতেই রয়েছে, তার কারণ আমরা কয়েক বছর নিয়োগ করতে পারছি না। আমরা নিয়োগের জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করেছি।’







