কুণাল ঘোষের বিদেশযাত্রায় অনুমতি মিলল অবশেষে। মঙ্গলবার বিদেশ যাওয়ার অনুমতি দানে সামিল হল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। সারদা মামলায় জামিন পান তৃণমূল মুখপাত্র। তার ৬ বছর পর বিদেশ যেতে চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। সিঙ্গাপুরে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি করেন। তাতেই সম্মতিজ্ঞাপন করল কোর্ট।
উল্লেখ্য, কুণাল ঘোষের পক্ষে মামলা লড়েন আইনজীবী অয়ন ভট্টাচার্য। অন্যদিকে, সিবিআইকে কিছুদিনের জন্য কুণালের পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে বলেও জানায় ডিভিশন বেঞ্চ। আসন্ন ১৬ জানুয়ারি বিদেশ যেতে পারবেন কুণাল। ৩১ জানুয়ারি তাঁর কর্মসূচি শেষ হওয়ার কথা। হাইকোর্টের নির্দেশ, বিদেশ থেকে ফিরে এসেই আবার পাসপোর্ট জমা দিয়ে দিতে হবে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদককে।
কিন্ত কুণালের বিদেশযাত্রার বিরোধিতা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁরা জানান, সারদাকাণ্ডে কয়েক কোটি টাকার দুর্নীতি মামলায় জড়িত রয়েছেন কুণাল ঘোষ। সারদাকাণ্ডে বেশকিছু দেশে টাকা সরিয়ে ফেলা হয়েছে। যাঁর মধ্যে সিঙ্গাপুরের নাম বর্তমান। পাশাপাশি, কুণাল একজন হেভিওয়েট হওয়ার সুবাদে ভার্চ্যুয়ালিও সিঙ্গাপুরের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। তবে সিবিআই-এর সেই কথা শেষমেশ অবশ্য শুনল না আদালত।







