খেলাধুলা

জয় ছিল আনন্দের, মুহূর্তে রূপ নিল আতঙ্কের— লিভারপুলে সমর্থকদের উপর হামলা

লিভারপুল শহরে খেতাব জয়ের উদ্‌যাপন হঠাৎ রূপ নিল বিভীষিকায়। হাজারো সমর্থকের আনন্দ ম্লান হয়ে গেল এক মর্মান্তিক ঘটনায়, যখন একটি গাড়ি হঠাৎ করে ঢুকে পড়ে উল্লসিত জনতার ভিড়ে এবং পরপর ধাক্কা দিতে থাকে লোকজনকে। সোমবার বিকেলে লিভারপুলের ওয়াটার স্ট্রিটে ঘটে এই ভয়াবহ ঘটনা, যাতে অন্তত ৪৭ জন আহত হন।

ঘটনার সময় ছিল প্রিমিয়ার লিগ খেতাবজয়ী লিভারপুল দলের ‘রোড শো’। হুডখোলা বাসে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা শহর পরিক্রমা করছিলেন। সেই আনন্দঘন মুহূর্তেই আচমকা সমর্থকদের উপর উঠে যায় একটি সাদা গাড়ি। ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িটির ধাক্কায় ছিটকে পড়ছেন সমর্থকেরা, চার জন শিশু-সহ অনেকে রাস্তায় লুটিয়ে পড়েছেন।

গাড়িচালককে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ। ৫৩ বছর বয়সি ওই ব্যক্তি লিভারপুলের বাসিন্দা। যদিও এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে না প্রশাসন। স্থানীয় পুলিশ একে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলেই ব্যাখ্যা করেছে।

প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং লিভারপুল ফুটবল ক্লাব উভয়েই আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এমনকি প্রতিদ্বন্দ্বী এভারটন ক্লাবও ঘটনার তীব্র নিন্দা করেছে। এই হামলার নেপথ্যে প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে একটি আনন্দের দিন যে ক্ষণে ক্ষণে আতঙ্কের নিদর্শনে পরিণত হল, তা ভুলতে সময় লাগবে লিভারপুলবাসীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.