শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে অশোভন আচরণের জন্য শাস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে জরিমানা করেছে। এই শাস্তির ফলে তাঁর নামের পাশে যোগ হলো ডিমেরিট পয়েন্ট, যা আগামী দুই বছর তাঁর আচরণের উপর নজরদারি নিশ্চিত করবে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বাবর আজমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ‘লেভেল ওয়ান’ অপরাধ প্রমাণিত হয়েছে। পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে তিনি আউট হওয়ার পর হতাশা প্রকাশ করতে গিয়ে ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। এই ঘটনাটিই আইসিসি নিয়মের পরিপন্থী।
শাস্তি স্বরূপ বাবরকে তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে বাবর আজমের আচরণবিধি লঙ্ঘনের কোনো রেকর্ড না থাকায় তাঁকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। তবে আগামী ২৪ মাস তাঁর আচরণ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এই সময়ে যদি তিনি পুনরায় কোনো বিতর্কিত ঘটনা ঘটান, তবে আইসিসি তাঁর বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নিতে পারে।
উল্লেখ্য, দ্বিতীয় একদিনের ম্যাচে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও, তৃতীয় ম্যাচে ৫২ বলে ৩৪ রান করে আউট হন বাবর। গুরুত্বপূর্ণ ইনিংসের পর এমন অপরিণামদর্শী আচরণ করায় তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।







