পণের দাবিতে স্ত্রীকে খুন করে সাইকেলে এনে বাপের বাড়ির পাশে ফেলে পলাতক যুবক। ভয়ঙ্কর অভিযোগ উঠল খেজুরির তালপাটি ঘাট উপকূল থানা অঞ্চলে। ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, চার বছর আগে গোরাচাঁদ দাস তাঁর একুশ বছরের মেয়ে প্রতিমাকে বিয়ে দেন দুর্লভ প্রামাণিক নামে বেড়িয়ার এক যুবকের সাথে।
প্রতিমার তিন বছরের এক মেয়েও আছে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই দুর্লভ আরও বেশি পণের দাবিতে প্রতিমার ওপর অত্যাচার চালাতে শুরু করেন।
প্রথমে জামাইয়ের দাবি মেনেও নেন প্রতিমার বাবা। কিন্তু ক্রমশ দাবি বাড়তে থাকে, আর সেই দাবি না মানলে প্রতিমার ওপর চলতে থাকে অত্যাচার। সোমবার সকালে বাবারবাড়ির অদূরেই একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। দেহে সন্দেহ হওয়ায় থানায় খবর দেয় তারা। বস্তা থেকে মিলল প্রতিমার দেহ। পাড়ার মেয়েকে দেখে চিনতে পারেন স্থানীয় বাসিন্দারা। পরে বাবা গিয়ে মেয়ের দেহ শনাক্ত করে। অভিযোগ, পণের দাবিতেই প্রতিমাকে মেরে দেহ বস্তায় ভরে বাপেরবাড়ির সামনে ফেলে দিয়ে যায় জামাই।
ঘটনার প্রকাশ্যে অঞ্চলে চাঞ্চল্যতা ছড়ায়। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুর্লভের পরিবারের চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তালপাটি ঘাট থানার পুলিশ। বর্তমানে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।







