সুপারহিট ছবি ‘বাহুবলী’র দুই পর্ব, ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘আরআরআর’-এর মতো কালজয়ী সিনেমার চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ মনে করেন, ভারত এক অফুরন্ত গল্পের ভাণ্ডার। এই অমূল্য সম্পদকে কাজে লাগিয়ে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা উচিত বলে তিনি মনে করেন।
‘মগধীরা’, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ এবং ‘থালাইভি’-র মতো একাধিক জনপ্রিয় ছবির চিত্রনাট্য রচনা করা এই প্রখ্যাত লেখক সম্প্রতি বলিউড তারকা সলমন খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’-এর সিকুয়েল নিয়ে তাঁর আলোচনার কথা প্রকাশ্যে এনেছেন।
প্রসাদ জানিয়েছেন, “গত ঈদে সলমানের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি ওনাকে একটি গল্পের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। সলমন খানের সেটি পছন্দও হয়েছে। তবে এই বিষয়ে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে।” তাঁর এই কথাতে ‘বজরঙ্গি ভাইজান’-এর সিকুয়েল নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুধু সলমন খানই নন, মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গেও তাঁর মহাভারত নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি বলেন, “কিছুদিন আগে আমির আমার কাছে এসেছিল মহাভারত নিয়ে একটি নতুন আইডিয়া নিয়ে আলোচনা করার জন্য। তবে তারপর সেই আলোচনা কতদূর এগিয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”
ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য যে কতখানি সমৃদ্ধ, সে কথাই যেন বারবার উঠে আসে ভি বিজয়েন্দ্র প্রসাদের কথায়। তাঁর বিশ্বাস, এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লোককথা, ইতিহাস এবং পৌরাণিক কাহিনি বিশ্ব সিনেমার মঞ্চে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এখন দেখার, এই স্বপ্নপূরণে তিনি আর কতদূর এগিয়ে যেতে পারেন।







