কলকাতা ফুটবল লিগের গত মরসুম নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কে অবশেষে ইস্টবেঙ্গলের স্বস্তি ফিরল। শুক্রবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণায় আর কোনও বাধা নেই। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য আলিপুর জেলা আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা খারিজ করে দেন। ফলে আইএফএ-র সিদ্ধান্তই কার্যকর থাকল। এই রায়ের ফলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বড় ধাক্কা খেল।
ডায়মন্ড হারবারের মূল অভিযোগ ছিল—একই সময়ে একাধিক প্রতিযোগিতার ম্যাচ খেলতে গিয়ে তাদের ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই আইএফএ-কে অনুরোধ করা হয়েছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই অনুরোধ গৃহীত হয়নি। ডায়মন্ড হারবার সেই ম্যাচ খেলতেও নামেনি। এর আগে ভবানীপুরও ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়েছিল। সব মিলিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে লাল-হলুদ। এবং তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করে আইএফএ।
জেলা আদালত প্রথমে ডায়মন্ড হারবারের পক্ষে রায় দিয়ে ইস্টবেঙ্গলের শিরোপা আটকে দেয়। কিন্তু আইএফএ হাই কোর্টে আবেদন করলে শুক্রবার পরিস্থিতি বদলে যায়। হাই কোর্টের পর্যবেক্ষণ, জেলা আদালত যথাযথ কারণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, যা আইনসম্মত নয়। তাই ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন ঘোষণার ওপর আর কোনও প্রশ্ন থাকল না।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তবে হাই কোর্টের নির্দেশ স্পষ্ট করেছে—কলকাতা লিগের ফলাফল নিয়ে নতুন করে আর কোনও বিতর্কের জায়গা নেই। অর্থাৎ, আইনি লড়াইয়ে আপাতত জয়ী ইস্টবেঙ্গলই কলকাতার সেরা।







