পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সকাল আনুমানিক ৬টা নাগাদ হাইড রোডের জৈন কুঞ্জ রেললাইনের কাছে ঘটনাটি ঘটে। ৬২ বছর বয়সি মহম্মদ কালাম সাইকেল চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে চেপে আসা এক ছিনতাইকারী তাঁর শার্টের পকেট থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ।
তবে আচমকা এই ঘটনায় ঘাবড়ে না গিয়ে সাহসিকতার পরিচয় দেন মহম্মদ কালাম। তিনি অভিযুক্তকে ধরে ফেলেন এবং চিৎকার করে সাহায্য চান। তাঁর চিৎকার শুনে কাছাকাছি টহলরত ওয়েস্ট পোর্ট থানার পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন।
এরপর রেহান আহমেদকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া চারটি মোবাইল ফোনের মধ্যে অভিযোগকারীর ছিনতাই হওয়া ফোনটিও রয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে সংশ্লিষ্ট মোটরসাইকেলটি।
উদ্ধার হওয়া বাকি তিনটি মোবাইল ফোনের মালিকানা এবং সেগুলি অন্য কোনও অপরাধের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।







