মালদা: শনিবার সকালে মালদার পুরাতন মালদার সাহাপুর এলাকার ডোবপাড়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন রতন রায় নামে এক ৭০ বছর বয়সী বৃদ্ধ। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ রতনবাবু প্রতিদিনের মতো নদীতে স্নান করতে যান। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীতে স্নান করার সময় আচমকা রতনবাবু জলের স্রোতে তলিয়ে যান। আশেপাশের লোকজন তা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ খোঁজেও কোনও সন্ধান না মেলায় খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে এবং পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকেও।
পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা টিম এসে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালায়। অবশেষে সকাল সাড়ে দশটা নাগাদ নদী থেকে উদ্ধার করা হয় রতন রায়ের নিথর দেহ। এরপরই দেহটি পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। রতনবাবুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। সতর্কতা হিসেবে স্থানীয়দের নদীতে স্নান করতে নামার সময় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।







