জেলা

হরিহরপাড়ায় নাবালককে গাছে বেঁধে মারধর, গ্রেফতার তৃণমূল নেতা সহ দুইজন

মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের গোবরগাড়া গ্রামে চকলেট ও কিছু টাকা চুরির সন্দেহে এক নাবালককে গাছে বেঁধে নির্মমভাবে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার কেন্দ্রে থাকা তৃণমূল নেতা রাজেমুদ্দিন শেখ ওরফে মিন্টু, যিনি হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের এক সদস্যার স্বামী, তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় আরও এক যুবক রবিউল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেমুদ্দিনের মুদি দোকানে চুরির সন্দেহেই ওই নাবালককে ধরে গাছে বেঁধে মারধর করা হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে কোনও লিখিত অভিযোগ না এলেও, ভিডিওটি দেখে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের চিহ্নিত করে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের শনিবার বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে হরিহরপাড়া ব্লক তৃণমূল সহ-সভাপতি সেজানুল বিশ্বাস বলেন, “যদি কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে থাকে, তা কখনই মেনে নেওয়া যায় না। আইন অনুযায়ী ব্যবস্থা হোক।”
অন্যদিকে, ব্লক কংগ্রেস সভাপতি জুলফিকার আলি খান বলেন, “এই ধরনের ঘটনা প্রমাণ করে প্রশাসনের ভয় নেই বলেই কেউ এভাবে নাবালকের গায়ে হাত তোলে।”

এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে হরিহরপাড়ায়। স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.