প্রতিবছরই দুর্গাপুজোর শেষে আয়োজন করা হয় কার্নিভালের। তবে এবার আর জি কর কান্ডের আবহে পুজো কার্নিভালের দিনই ডাক দেওয়া হয়েছে দ্রোহের কার্নিভালের । মুখ্যসচিব মনোজ পন্থ সেই দ্রোহের কার্নিভাল না করার জন্য আর্জি জানিয়েছেন । তবে নিজেদের সিদ্ধান্তে অনড় চিকিৎসকরা । এবার দ্রোহের কার্নিভালের আগে , কলকাতার একাধিক রাস্তায় ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ । কোনরকম অশান্তি রুখতে , ধর্মতলা সংলগ্ন কিছু জায়গায় একদিনের জন্য ভারতীয় ন্যায় সংহিতার এই ধারা জারি করা হয়েছে।
কলকাতার বিভিন্ন জায়গায় ১৬৩ ধারা জারি করা হয়েছে , যেমন – ওয়াই চ্যানেল , রানি রাসমণি রোড , নিউ রোড , মেয়ো রোড , আউটট্রাম রোড, অ্যাকাডেমি অব ফাইন আর্টস, জে.এল.নেহরু রোড, কুইন্স ওয়ে, স্ট্র্যান্ড রোড । এই রাস্তা সংলগ্ন এলাকাগুলিতে কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে ১৬৩ ধারা । এই ধারার কারণে , এই সমস্ত এলাকাগুলিতে কেউ জমায়েত করতে পারবে না । পাশাপাশি , লাঠি বা কোনও অস্ত্র নিয়েও ঘোরা যাবে না। এবং কোনও ধরনের মিছিল, সভা, ধর্না, জমায়েত বা বিক্ষোভও প্রদর্শন করা যাবে না এই এলাকায়।
কলকাতা পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে যে , যে সমস্ত এলাকায় ১৬৩ ধারা জারি হয়েছে , সেই সমস্ত এলাকায় দ্রোহের কার্নিভালের নামে একটি প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা চলছে। যার ফলে রেড রোডে পুজোর কার্নিভালে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় এবং অশান্তি ছড়াতে না পারে , তার জন্য কলকাতার একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৬৩ ধারা ।






