আবারও রক্তাক্ত সন্ত্রাসের সাক্ষী পাকিস্তান। খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট জেলার কাবাল এলাকায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। রবিবার বিকেলে কাবাল থানার সামনে এই ভয়াবহ বিস্ফোরণের পর গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী এবং জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক আত্মঘাতী হামলাকারী কাবাল থানায় প্রবেশের চেষ্টা করলে বাইরে মোতায়েন পুলিশকর্মীরা তাঁকে থামিয়ে তল্লাশি শুরু করেন। সেই সময়ই বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল রক্তাক্ত হয়ে ওঠে এবং বহু মানুষ হতাহত হন।
সোয়াট জেলার পুলিশ আধিকারিক উমর খান জানিয়েছেন, ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপের জন্য অশান্ত। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ প্রায়ই ঘটে। তবে এই বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় থানার কাছেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল। তার মধ্যেই বিস্ফোরণ ঘটায় এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়। উল্লেখ্য, একই দিনে পেশোয়ারের কাছে একটি টোল প্লাজায় আইইডি বিস্ফোরণে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। কয়েকদিন আগেই হাঙ্গু জেলায় পুলিশ চৌকিতে হামলায় প্রাণ হারিয়েছিলেন নয়জন পুলিশ সদস্য।
পরপর হামলায় খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলি।







