শুক্রবার রাতে বর্ধমানের তেলিপুকুর এলাকা থেকে উদ্ধার হলো বান্ডিল বান্ডিল টাকা। ১৯ নম্বর জাতীয় সড়কে বর্ধমান তেলিপুকুর এলাকার একটি সাবওয়ের নিচে একটি চারচাকা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
সূত্রের খবর, বর্ধমানের তেলিপুকুর এলাকায় চলছিল নাকা চেকিং। ঠিক সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে একটি সাবওয়ের নিচে একটি চারচাকা গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। সেই সময় গাড়িতে চালক ও দুইজন মহিলাসহ মোট পাঁচজন যাত্রী ছিল। কোথা থেকে এত টাকা এলো তার কোনো সঠিক তথ্য দিতে পারেনি তারা।
পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা প্রত্যেকের বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় বেশ কয়েকটি ধানকল আছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। কিসের টাকা, কেনোই বা গাড়িতে ওই ভাবে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ।







