গতানুগতিকভাবে শাহজাহানের তাজমহল তৈরির গল্প পড়ে এসেছি আমরা প্রত্যেকে। কিন্তু সেই তাজমহল নাকি তৈরি করেননি শাহজাহান। এমনই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে। মামলাকারীর দাবি, রাজা মান সিংয়ের প্রাসাদ তাজমহল। পরে মুঘল সম্রাট শাহজাহান এটি সংস্কার করেছেন। মামলা দায়ের করেছেন হিন্দু সেনার সভাপতি সুরজিত্ সিং যাদব।
দিল্লি হাইকোর্টে ইতিহাসের বইগুলি সংশোধন করার আর্জি জানিয়েছেন মামলকারী। হিন্দু সেনার এমন দাবিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। স্কুল ও কলেজের ইতিহাসের বই থেকে শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন বলে যে তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য সংশোধন করার আবেদন জানিয়েছেন হিন্দু সেনার সভাপতি। তিনি দাবি করেছেন, রাজা মান সিংয়ের প্রাসাদ ভেঙে একই জায়গায় নতুন করে তাজমহল যে নির্মাণ করা হয়েছিল তার কোনও প্রমাণ নেই। হিন্দু সেনার সভাপতি ১৬৩১ সালের ১৬ ডিসেম্বর রাজা মান সিংয়ের প্রাসাদের অস্তিত্ব সহ তাজমহলের বয়স সম্পর্কে তদন্ত করার জন্য এবং আদালতে একটি প্রতিবেদন দাখিল করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন যাতে এএসআইকে নির্দেশ দেওয়া হয়।







