বিদেশ

২০৩০ সালের মধ্যে ৫ লক্ষ বিদেশি পড়ুয়া টানার লক্ষ্য রাশিয়ার, শিক্ষাক্ষেত্রে ভারতের সঙ্গে বাড়ছে সহযোগিতা

আন্তর্জাতিক শিক্ষার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনা নিয়েছে রাশিয়া। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে রাশিয়ায় বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা বাড়িয়ে ৫ লক্ষে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে মস্কো। বর্তমানে সেখানে প্রায় ৩ লক্ষ আন্তর্জাতিক পড়ুয়া উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যার মধ্যে প্রায় ৪০ হাজার ভারতীয়।

দিল্লিতে আয়োজিত ইন্দো-রাশিয়ান এডুকেশন সামিট ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে আলিপভ বলেন, রাশিয়ার শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বৈজ্ঞানিক গবেষণা, কঠোর শিক্ষাগত মান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও নিউক্লিয়ার সায়েন্সের মতো বিষয়ে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্বমানের শিক্ষা দিচ্ছে।

রাষ্ট্রদূতের দাবি, ভারত ও রাশিয়ার মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা দ্রুত বাড়ছে। দুই দেশের একাধিক বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, ছাত্রছাত্রী বিনিময় কর্মসূচি এবং অ্যাকাডেমিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্পর্ক গড়ে তুলছে। ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, গভর্নেন্স ও স্বাস্থ্যবিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারিত্ব আরও জোরদার হচ্ছে।

মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রেও রাশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে কাজ করছে। সেচেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি ইতিমধ্যেই আইআইটি বম্বে, দিল্লি ইউনিভার্সিটি ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা ও শিক্ষামূলক উদ্যোগ শুরু করেছে। পাশাপাশি কাজান ফেডারেল ইউনিভার্সিটি ভারতীয় পড়ুয়াদের জন্য ইংরেজি মাধ্যমে মেডিক্যাল কোর্স চালু করেছে।

শুধু উচ্চশিক্ষা নয়, ভারতে রুশ ভাষার প্রসারেও জোর দিচ্ছে মস্কো। ইতিমধ্যেই তিরুবনন্তপুরম, বেঙ্গালুরু ও আহমেদাবাদে নতুন রুশ ভাষা কেন্দ্র চালু হয়েছে। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন রাজ্যে এই ধরনের কেন্দ্র খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান আলিপভ।

দিল্লির লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত দু’দিনের ইন্দো-রাশিয়ান এডুকেশন সামিটে দুই দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনের মূল লক্ষ্য, ভারত ও রাশিয়ার মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা এবং ছাত্রছাত্রী বিনিময়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও মজবুত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.