কলকাতা

লেকটাউনে দুলছে মেসির মূর্তি, মেরামত শুরু পূর্ত দপ্তরের

লেকটাউনের লিওনেল মেসির মূর্তিকে ঘিরে শুরু হয়েছে মেরামতির কাজ। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আপাতত সেটিকে স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে প্রশাসন। পরে সেটি সরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে মেরামতির কাজ। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মূর্তির চারপাশ শাল-বল্লা ও মোটা দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

এই মুহূর্তে মেসির মূর্তির গায়ে মই লাগিয়ে কাজ করছেন মিস্ত্রিরা। হাওয়ায় দুলতে থাকা এই বিশাল মূর্তিটি দ্রুত সরানোর পরিকল্পনাও করা হয়েছে। এ বিষয়ে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, “মূর্তিটি যেকোনও সময় ভেঙে পড়তে পারে। পূর্ত দপ্তরের জায়গা দখল করে অনুমতি ছাড়াই এটি তৈরি করা হয়েছে। তাই মূর্তিটিকে অন্য কোনও পার্ক বা উপযুক্ত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যে বিশাল পেডেস্টাল তৈরি করা হয়েছে, সেটিও বেআইনি। সেটি ভেঙে ফেলা হবে। তবে মূর্তিটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকেও নজর রাখা হবে।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফরের সময় ভার্চুয়ালি এই ৭০ ফুটের মূর্তির উদ্বোধন করেছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর উদ্যোগ ও তত্ত্বাবধানেই মূর্তিটি নির্মিত হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই মূর্তির অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বড় কোনও দুর্ঘটনা এড়াতে তৎপর হয়েছে পূর্ত দপ্তর। মঙ্গলবার রাতেই মূর্তির চারপাশে দড়ি বেঁধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শিল্পী মন্টি পালের সঙ্গেও আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, উপরের মূর্তির অংশ অক্ষত রেখেই সরানো হবে, যদিও নিচের বেসমেন্ট আর স্থানান্তর করা হবে না। তবে মূর্তিটি কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞদের দাবি, মূর্তির ভিত যথেষ্ট মজবুত নয়। সেই কারণে মাটি পরীক্ষারও পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.