কিছুদিন আগে প্রস্তাবিত রেলপথের সমীক্ষা হয়েছিল। এবার জমির জন্য দুই ব্লক আধিকারিকের কাছে আবেদন জানাল রেল। চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছিল প্রস্তাবিত রেলপথ সমীক্ষার কাজ। পাঁচটি সমীক্ষক দল এই সমীক্ষা চালিয়েছিল।সম্প্রতি একটি দল সমীক্ষা চালিয়েছে বলে জানা গিয়েছে।কৃষ্ণনগর-করিমপুর প্রস্তাবিত রেলপথ এবার বাস্তবরূপ পেতে চলেছে।সেই সমীক্ষার পর জমির জন্য রাজ্যের কাছে আবেদন যাওয়ায় আশায় বুক বাঁধছে স্থানীয় মানুষজন।
সমীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছিলেন, “রেলমন্ত্রকে রিপোর্ট জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। ৮০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ কৃষ্ণনগর-করিমপুর ১১ নম্বর রাজ্য সড়কের সঙ্গে প্রায় সমান্তরাল ভাবেই তৈরি হবে। সমীক্ষার জন্য রেল ইতিমধ্যে দু’কোটি টাকা বরাদ্দও করেছিল। রেলপথে এই সংযোগের জন্য গনিখানের সময় থেকেই কথা চলছে। ২০০৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তত্কালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ২০১০ সালের বাজেটে উল্লেখ, অধীর চৌধুরী বলেন, বহরমপুর-করিমপুর লিঙ্কের সমীক্ষা হবে। মহুয়া মৈত্রও দাবিতে সরব হয়েছিলেন।”
করিমপুর এই লাইনের প্রান্তিক স্টেশন, তাই বাণিজ্যিক পরিবহণ সম্ভব না হওয়ায় রেলমন্ত্রক এতে দীর্ঘ সময় আগ্রহ দেখায়নি। গত বছর ১৮ অক্টোবর মহুয়া মৈত্র রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে দেখা করে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন এবং চিঠিতে ফের একই প্রস্তাব দেন তিনি।
এদিকে মহুয়া মৈত্র ফেসবুকে লেখেন, “রেলমন্ত্রক আমার এই ডাকে সাড়া দিয়ে দু’কোটি টাকা ব্যয়ে কৃষ্ণনগর-করিমপুর রেললাইনের সার্ভের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। নদিয়ার প্রান্তিক জনপদ করিমপুরে রেল চালানোর দাবি বহু দিনের। তা না হওয়ার ফলে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের পরিবহণের উপর সম্পূর্ণ নির্ভরশীল”।
সূত্র মারফত জানা গেছে, ১৯০৫ সালে ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানির ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন সি এল ম্যাগনিয়াক এবং মি রেডিস প্রথম কৃষ্ণনগর থেকে বহরমপুর ভায়া করিমপুর রেলপথের সমীক্ষা করেছিলেন।কিন্তু সেই সমীক্ষা বাস্তবায়িত না হওয়ায় করিমপুরবাসীর আক্ষেপ জানিয়ে বলেন, “প্রত্যেক নির্বাচনের আগে নেতাদের বক্তৃতায় ফিরে ফিরে এসেছে এই প্রসঙ্গ। কিন্তু ধামাচাপা পড়েছে সমস্ত ফাইল”। তারা আরও বলেন, “এই রেলপথ চালু হলে জেলার আর্থিক উন্নয়নও হবে।”







